
ঢাকার সাভারে পাঁচ তলা ভবনের ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতা মনোয়ারুল হোসেন বকশী (২৯) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১২টার দিকে সাভারের বাংলাদেশ লোক প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) স্টাফ কোয়ার্টারে এই ঘটনা ঘটে।
মনোয়ারুল হোসেন বিপিএটিসির নিরাপত্তারক্ষী জাফর আলীর ছেলে ও সাভার থানা ছাত্রদলের সহসভাপতি ছিলেন।
প্রতিবেশী রাসেল মনির জানান, রাত সাড়ে ১২টার দিকে শব্দ পেয়ে বাইরে বের হয়ে তিনি ভবনের ছাদে এক পুলিশ সদস্যকে দেখতে পান। সে সময় নিচে মনোয়ারুলের নিথর দেহ পড়ে ছিল। তিনি বলেন, ‘কয়েক মিনিটের মধ্যে ছাদ থেকে পুলিশ সদস্য নেমে একটি মাইক্রোবাসে ওঠেন। এরপর অন্যান্য পুলিশ সদস্য ওই মাইক্রোবাসে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে আমরা বিপিএটিসি ক্লিনিকের এক চিকিৎসককে ডাকি। তাঁর পরামর্শে মনোয়ারুলকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
নিহতের স্বজন ও পুলিশ সূত্র জানায়, রংপুরের পীরগাছা থেকে কিশোরী প্রেমিকাকে নিয়ে সাভারে মামা মনোয়ারুল হোসেনের বাসায় ওঠেন শাহারিয়ার কবির সৌমি। এ ঘটনায় মেয়ের সন্ধানে পরিবার পীরগাছা থানায় জিডি করলে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে পীরগাছা থানার পুলিশ সদস্যরা সাভার মডেল থানায় আসেন। পরে পীরগাছা থানার পুলিশ কিশোরীকে উদ্ধারে সাভার মডেল থানার একটি টিম নিয়ে মনোয়ারুল হোসেনের বাসায় অভিযানে যায়। যদিও এই যুগল আগেই বাসা ছেড়ে চলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মনোয়ারুল ছাদে যান। পুলিশও তাঁর পিছু নেয়।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, পীরগাছা থানা পুলিশ রাতে আসামি ধরার জন্য সাভারে এসেছিল। পরে আমাদের জানালে একটি টিম তাদের সঙ্গে অভিযানে যায়। আসামি ধরতে সংশ্লিষ্ট ভবনের ভেতরে যায় পীরগাছা থানার পুলিশ। আমাদের টিম নিচে অবস্থান করছিল। এ সময় ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়। ঘটনার পর পীরগাছা থানা পুলিশ আমার থানায় না এসে ঘটনাস্থল থেকে চলে যায়।
ঢাকা জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সুজন শিকদার বলেন, ‘পুলিশ কিশোরীকে উদ্ধারের জন্য বাসায় ঢুকলে মনোয়ারুল হোসেন ছাদে যান। এ সময় পুলিশ তাঁকে ধাওয়া করে। পরে তিনি পড়ে যান বলে জেনেছি। প্রকৃত ঘটনা কী, তা আমরাও জানি না। বিষয়টি তদন্তের দাবি জানাচ্ছি।’
সাভার মডেল থানার ওসি আরও জানান, বিষয়টি তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।কমিটির প্রধান করা হয়েছে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক উত্তর) জাহাঙ্গীর আলমকে। তবে বিষয়টি নিয়ে নিহতের পরিবার এখনো কোনো অভিযোগ দেয়নি।
জানতে চাইলে পীরগাছা থানার ওসি সেলিম মালিক বলেন, পুলিশের ধাওয়া খেয়ে পড়ে গেছে– এমন না। তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে, সাভার মডেল থানার সহায়তায় সেখানে আমাদের এক সদস্য নিখোঁজ ভুক্তভোগীকে উদ্ধারে ওই বাসায় যায়।
তিনি বলেন, নিহত যুবকের বাসায় তাঁর মা-বাবার সঙ্গে পুলিশ সদস্যরা কথা বলার একপর্যায়ে লোকজন বলাবলি করছিল– ছাদ থেকে কেউ পড়ে গেছে। আমাদের টিম ছিল চার তলায়। আর যুবক একই ভবনের ছাদ থেকে পড়ে নিহত হয়েছেন। ভবনের ছাদে আমাদের কোনো সদস্য ছিলেন না।
এদিকে, মনোয়ারুলের মৃত্যুতে তাঁকে সাভার থানা ছাত্রদলের সহসভাপতি উল্লেখ করে শোক বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল। তবে সাভার থানা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি ফয়সাল আহমেদ মাশফি জানিয়েছেন, মনোয়ারুল হোসেন নামে তাদের কোনো সহসভাপতি নেই।







