বর্তমান বিএনপির সঙ্গে আওয়ামী লীগের পার্থক্য নেই: আসিফ মাহমুদ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আসিফ মাহমুদ। সংগৃহীত ছবি
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আসিফ মাহমুদ। সংগৃহীত ছবি

বর্তমানে বিএনপির কথা ও কাজের সঙ্গে আওয়ামী লীগের কোনো পার্থক্য খুঁজে পাওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

তিনি অভিযোগ করেন, বিএনপি এখন আওয়ামী লীগের কালচার এবং ৭২-এর সংবিধানের রাজনীতি করছে, যা দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার আদর্শের পরিপন্থী।

শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এনসিপিতে রাজনৈতিক নেতা ও নাগরিকদের যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘আমরা যে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিএনপিকে দেখেছি, বর্তমান বিএনপিকে আর চিনতে পারছি না। তারা এখন ৭২-এর সংবিধানের রাজনীতি করছে, যে সংবিধান ছুড়ে ফেলার কথা বেগম খালেদা জিয়া নিজে বলে গিয়েছিলেন। তাদের কথা আর আওয়ামী লীগের কথার মধ্যে আমরা আর কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না।’

তিনি প্রকৃত জাতীয়তাবাদী কর্মীদের এনসিপিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘যারা সার্বভৌমত্বের পক্ষে এবং সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য বিএনপিতে গিয়েছিলেন, তারা এখন সেখানে থাকার কারণ খুঁজে পাচ্ছেন না। নতুন বাংলাদেশ গড়ার লড়াইয়ে এনসিপির দরজা সবার জন্য উন্মুক্ত।’

আসিফ মাহমুদ ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের পুনরায় সক্রিয় হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘ছাত্রলীগ যেভাবে ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, তার চিত্র আবারও দেখা যাচ্ছে। মেধা ও যোগ্যতার রাজনীতির বিপরীতে সন্ত্রাস ও দখলদারির রাজনীতি ফিরে আসছে। আমাদের এই লড়াই এখনও শেষ হয়নি।’

সামনে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সিটি করপোরেশন পর্যন্ত সব স্তরের স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি অংশ নেবে বলে ঘোষণা দেন আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনে আমরা যে সাফল্য পেয়েছি, তার ধারাবাহিকতা স্থানীয় সরকার নির্বাচনেও বজায় রাখতে চাই। প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে এনসিপির প্রতিনিধিরা নতুন বাংলাদেশের চিত্র মানুষের কাছে তুলে ধরবে।’

এদিন এনসিপিতে কয়েকজন রাজনৈতিক ব্যক্তি ও তরুণ নেতা আনুষ্ঠানিকভাবে যোগ দেন। তাদের মধ্যে অন্যতম হলেন শেরে বাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল ফ্লোরা। এছাড়া যোগ দেন জুলাই গণঅভ্যুত্থানের পরিচিত মুখ কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি, অ্যাক্টিভিস্ট মঈনউদ্দীন রনি এবং যুবদলের সাবেক নেতা ইসহাক সরকার।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত