আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: শাস্তির দাবি উদীচীর
স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। এ ঘটনার তদন্ত করে কারো গাফিলতি পেলে শাস্তির দাবি জানায় সংগঠনটি।
বুধবার (২৭ মে) এক যৌথ শোক বার্তায় উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম এবং সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, ঈদের ঠিক আগের দিন একসাথে এতজন বাবা-মায়ের কোল খালি হওয়া দুঃখজনক ও বেদনাদায়ক।
উদীচী নেতারা বলেন, গণমাধ্যমে প্রচারিত সংবাদ অনুযায়ী নবজাতকের মৃত্যুর জন্য এসির গ্যাস লিকেজ দায়ী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে, কী কারণে নবজাতকদের মৃত্যু হয়েছে বিষয়টি এখনও নিশ্চিত নয়।
যত দ্রুত সম্ভব এ ঘটনার সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করার মাধ্যমে নবজাতকদের মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের করার দাবি জানান উদীচীর নেতৃবৃন্দ। একইসঙ্গে কারো গাফিলতির জন্য নবজাতকদের মৃত্যু হয়ে থাকলে তাদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানান তারা।







