বিএনপি নেতাকে তাজা গুলির সঙ্গে চিঠি, উড়তে থাকলে পরকালের সালাম পাবেন

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সাভার (ঢাকা)

ইসমাইল হোসেন মোল্লা সাভারের ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি। ছবি: সংগৃহীত
ইসমাইল হোসেন মোল্লা সাভারের ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি। ছবি: সংগৃহীত

ঢাকার অদূরে সাভার আশুলিয়ায় বিএনপি নেতা ইসমাইল হোসেন মোল্লার বাড়িতে কাফনের কাপড়, তাজা গুলি পাঠিয়ে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। শনিবার (৮ আগস্ট) ভোরে বাড়ির সামনে একটি ব্যাগে এসব সরঞ্জামের সঙ্গে চিঠিও রেখে যায় দুর্বৃত্তরা।

ইসমাইল মোল্লা উপজেলার ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ও আগামী ইউপি নির্বাচনে সদস্য পদপ্রার্থী। এই ঘটনায় স্থানীয় নেতাকর্মীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ইসমাইল মোল্লা বলেন, ভোরে অজ্ঞাত এক ব্যক্তি ব্যাগটি গেটে রেখে যান। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় ভয়ভীতি দেওয়া হচ্ছে। এছাড়া আসন্ন ইউপি নির্বাচনে সদস্য পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নেওয়ায় কুচক্রী মহল ন্যক্কারজনক কাজটি করেছে বলে মনে হয়।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় হুমকি দেওয়া চিঠি, কাফনের কাপড়, গুলিসহ বাকি আলামত জব্দ করে। আশুলিয়া থানার এসআই ও জামগড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু তালেব জানান, বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছেন তারা। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণসহ জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

স্থানীয় সূত্র জানায়, ইসমাইল মোল্লার বাড়ির প্রধান ফটকে ব্যাগটি রেখে দ্রুত সটকে পড়েন এক ব্যক্তি। পরে পরিবারের সদস্যরা ব্যাগটি খুলে ভেতর এক টুকরো কাফনের কাপড়, একটি তাজা গুলি, আতর, গোলাপ জল, গোসলের সাবান ও হাতে লেখা চিঠি পান।

চিঠিটিতে লেখা, প্রিয় ইসমাইল মোল্লা চাচা, ক্ষণিকের দুনিয়াতে এত বড়াই কিসের? আপনি বা আপনার পরিবারের লোকজন যেভাবে উড়ছেন, এটা তো ভালো হচ্ছে না। ভালোবেসে শেষ বিদায়ের সব কিছু দিয়ে পাঠালাম। যদি মনে হয় নিজেদের সংশোধন করবেন, তাহলে কোন ঝামেলা নেই। কিন্তু আজকের পরেও যদি উড়তে থাকেন, তাহলে আপনার কাছে আমাদের তরফ থেকে অদৃশ্য কেউ পৌঁছে যাবে, সালাম দেবে। পরকালের ঠিকানাতে চলে যাবেন।

চিঠির শেষে প্রেরক হিসেবে লেখা, ইতি, অদৃশ্য মুসাফির।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত