পল্লবীতে তারেক রহমানের নির্বাচনী সভায় জনস্রোত
স্ট্রিম প্রতিবেদকঢাকা

নির্বাচনী জনসভা শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে রাজধানীর পল্লবী লাল মাঠ। রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে ৩টার দিকে এ সভা শুরু হওয়ার কথা। লাল মাঠে যেতে পথেই জনস্রোত সামলাতে হচ্ছে তারেক রহমানকে।
সরেজমিন জনসভায় উপস্থিত নেতাকর্মীরা জানান, ঢাকা-১৬ আসনের প্রধান সমস্যা মাদক, গ্যাস সংকট, কিশোর গ্যাং ও জলাবদ্ধতা। তারেক রহমান এসব সমাধানের ঘোষণা দেবেন এবং সরকারে গেলে তা বাস্তবায়ন করবেন।
জনসভায় আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক স্ট্রিমকে বলেন, আমাদের এলাকার বড় সমস্যা মাদক। যুবসমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আমিনুল নামি খেলোয়াড় ও পরিচ্ছন্ন ইমেজের মানুষ। আশা করছি, তিনি বিজয়ী হয়ে জনদুর্ভোগ কমাতে উদ্যোগী হবেন।

খালেদা জিয়ার ছেলেকে দেখতে জনসভায় এসেছেন জানিয়ে আছমা খাতুন বলেন, রান্না করতে গ্যাস পাই না। আগামীতে আসা সরকার এই সমস্যা সমাধান করলে সুবিধা হবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের এ ব্লক ইউনিটের সিনিয়র সহসভাপতি সুমন হোসেন বলেন, আমিনুল এমপি হলে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন আশা করছি। উনার মতো মানুষ এই দায়িত্ব পেলে বাংলাদেশের ক্রিকেট-ফুটবলে যে অগোছালো অবস্থা, তা দূর হবে।
৩ নম্বর ওয়ার্ড বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক হারুন মুন্সী স্ট্রিমকে বলেন, এলাকার সবচেয়ে বড় সমস্যা গ্যাসের সরবারাহ কম এবং বর্ষাকালের জলাবদ্ধতা। আশা করি, নতুন সরকার এসব সমস্যার সমাধান করবে।

তিনি বলেন, জামায়াতে ইসলামীর নারীদের ভোট টানার চেষ্টা খুব একটা সুবিধার হবে না। কারণ, তাদের আমির বেফাস সব মন্তব্য করেছেন। বাবুনগরী, বায়তুল মোকাররম মসজিদের খতিব পর্যন্ত ভোট বিবেচনা করে দিতে বলেছেন। আমার মনে হয়, এটি বিশাল প্রভাব ফেলবে।







