জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

স্টল ভাড়া শতভাগ মওকুফ, ২৫ ফেব্রুয়ারি থেকেই হচ্ছে বইমেলা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ২০: ২৫
বাংলা একাডেমিতে সংশ্লিষ্ট পক্ষগুলোর বৈঠক। স্ট্রিম ছবি

নানা জল্পনা-কল্পনা ও প্রকাশকদের একাংশের আপত্তি এবং শর্তের মুখে অবশেষে চূড়ান্ত হলো অমর একুশে বইমেলার দিনক্ষণ। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের বইমেলা। এদিনই হবে আনুষ্ঠানিক উদ্বোধন।

প্রকাশকদের দাবির পরিপ্রেক্ষিতে এবারের মেলায় অংশগ্রহণকারী স্টলগুলোর ভাড়া মওকুফ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম এবং সংশ্লিষ্ট প্রকাশকদের উপস্থিতিতে এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

মেলা আয়োজনের আগে ‘প্রকাশক ঐক্য’র ব্যানারে প্রকাশকদের একটি বড় অংশ এবারের মেলায় অংশ নেওয়া নিয়ে আপত্তি জানিয়েছিল। তারা রমজান ও নির্বাচনী বাস্তবতার কথা বিবেচনা করে মেলা পবিত্র ঈদুল ফিতরের পর আয়োজনের দাবি জানায়। তবে একান্তই যদি ফেব্রুয়ারিতে মেলা করতে হয়, সেক্ষেত্রে তারা ৬টি শর্ত জুড়ে দিয়েছিল।

শর্তগুলোর মধ্যে অন্যতম ছিল—শতভাগ স্টল ভাড়া মওকুফ, সরকারি খরচে অবকাঠামো নির্মাণ, অনিয়মতান্ত্রিক বরাদ্দ বাতিল এবং সরকারি বই ক্রয়ের পরিমাণ বৃদ্ধি। তাদের অন্যতম প্রধান দাবি ‘স্টল ভাড়া মওকুফ’ মেনে নিয়েই ২৫ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু হচ্ছে। তবে অন্যান্য দাবির ব্যাপার এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। দাবিগুলো নিয়ে আবারও সংশ্লিষ্ট পক্ষগুলো বসবে বলে জানা গেছে।

এর আগে আজ সন্ধ্যা ৬টা ২০ মিনিটে শুরু হওয়া বৈঠকে প্রথমে বাংলা একাডেমি ও পরে প্রকাশকদের পক্ষ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বৈঠকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বর্তমান সমাজ বাস্তবতায় বইয়ের অবস্থান নিয়ে আক্ষেপ প্রকাশ করেন।

অমর একুশে বইমেলা উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে চলছে স্টল নির্মাণ। স্ট্রিম ছবি
অমর একুশে বইমেলা উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে চলছে স্টল নির্মাণ। স্ট্রিম ছবি

তিনি বলেন, ‘বিয়ের প্রোগ্রামে কেউ যদি বই উপহার দেয়, তাহলে সবার মুখ কালো হয়ে যায়। অথচ এক সময় বই উপহার দেওয়া হতো। বইমেলা আমাদের ঐতিহ্য। আপনারা যদি এগিয়ে না আসেন, তাহলে মেলা এবারের জন্য বন্ধ হয়ে যাবে।’

দেশের অর্থনৈতিক পরিস্থিতির কথা স্বীকার করে মন্ত্রী বলেন, ‘আমরা জানি দেশের অর্থনৈতিক অবস্থা, ব্যাংক ব্যবস্থা ও শিক্ষা ব্যবস্থার অবস্থা খারাপ। কিন্তু আমরা নতুনভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তারেক রহমানের নেতৃত্বে আমরা সব নতুন করে গড়ে তুলব।’

তিনি প্রকাশকদের অনুরোধ জানিয়ে বলেন, ‘রমজান মাসে স্কুল-কলেজ, দোকানপাট সবই খোলা থাকে। দয়া করে আপনারা বইমেলা বন্ধ করবেন না। আগামী চার বছর ফেব্রুয়ারিতেই রমজান মাস।’

বৈঠকে বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম জানান, এবারের মেলায় প্যাভিলিয়ন প্রথা বাতিল করা হতে পারে। তিনি নিশ্চিত করেন, ২৫ তারিখ থেকেই মেলা শুরু হবে এবং স্টল ভাড়া মওকুফ থাকবে।

যারা এখনো স্টল বরাদ্দ নেননি, তাদের জন্য সুযোগ রাখা হয়েছে। তারা আগামীকাল (বৃহস্পতিবার) বিকেল ৩টার মধ্যে আবেদন করতে পারবেন এবং সন্ধ্যা ৬টায় লটারির মাধ্যমে বরাদ্দ দেওয়া হবে।

মেলার ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করা আবুল কাশেম জানান, মেলার সার্বিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। অনেক প্রকাশকের না আসার গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের প্রস্তুতির কাজ শেষ। আর প্রকাশকদের মেলায় নিয়ে আসা বাংলা একাডেমির দায়িত্ব, এ বিষয়ে আমাদের কিছু করার নেই।’

অন্যদিকে, ফেব্রুয়ারিতেই মেলা হওয়া উচিত বলে মনে করেন লেখক ও অনুবাদক জি এইচ হাবীব। তিনি বলেন, ‘ফেব্রুয়ারিতে মেলা না হলে ঝড়-ঝঞ্ঝার কবলে পড়ার শঙ্কা থাকে। এছাড়া আগামী কয়েক বছর রমজানেই মেলা হবে, তাই এবারও হয়ে গেলে ভালো। সবাই মিলে মধ্যস্থতা করে মেলাটা হোক, এটাই চাওয়া।’

Ad 300x250

সম্পর্কিত