
বাংলাদেশে বর্তমানে চালু থাকা জুলাই-জুন অর্থবছরের পরিবর্তে এপ্রিল-মার্চ সময়কালকে নতুন অর্থবছর করা হচ্ছে।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই-আগস্টে বর্ষার কারণে উন্নয়ন ও নির্মাণকাজের মান ক্ষতিগ্রস্ত হওয়ায় এ সময়কাল পরিবর্তনের প্রস্তাব দেয় অর্থ বিভাগ।
এপ্রিল-মার্চকে অর্থবছর ধরা হলে বর্ষা শুরুর আগেই বড় অবকাঠামোর প্রকল্পগুলো সফলভাবে শেষ করা সম্ভব হবে।
নতুন সময়সূচি বাস্তবায়নে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর, বাংলাদেশ ব্যাংক ও মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সমন্বয়ে একটি কমিটি করা হবে।
এজন্য জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭ ও সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে।
অর্থ বিভাগ জানায়, ২০২৭-২৮ অর্থবছরকে ৯ মাসের (জুলাই থেকে মার্চ) রূপান্তরকালীন অর্থবছর হিসেবে ধরা হবে। পরবর্তীতে ২০২৮-২৯ অর্থবছর থেকে সম্পূর্ণভাবে নতুন সময়সূচি (এপ্রিল-মার্চ) অনুযায়ী সরকারি আর্থিক কার্যক্রম পরিচালিত হবে।
.png)






