উপহারের বাক্সে ৭ লাখ টাকা, আমারই দোষ ম্যাডাম তো ঘুষ খান না

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
রংপুর

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২২: ২৮
ঘুষ দিতে এসে ধরা ব্যক্তি। স্ট্রিম ছবি
ঘুষ দিতে এসে ধরা ব্যক্তি। স্ট্রিম ছবি

মোড়কে ঢাকা ছিল উপহারের বাক্স। তাতে কোনো উপহার ছিল না। ছিল উপঢৌকনের ৭ লাখ টাকা। এমপিও সুবিধা পাইয়ে দেওয়ার সুপারিশের বিনিময়ে ওই টাকা শিক্ষা কর্মকর্তার হাতে তুলে দিতে এসেছিলেন এক ব্যক্তি। পরে হাতেনাতে ধরে পড়েছেন তিনি।

ধরা পড়ার পর ওই ব্যক্তি বলেন, আমারই দোষ ম্যাডাম তো ঘুষ খান না।

আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রংপুরের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা আঞ্চলিক কার্যালয়ে এ ঘটনা ঘটে। খবর দেওয়া হলে ঘটনাস্থলে এলে পুলিশ তাকে আটক করে।

আটক ব্যক্তির নামর মাইদুল ইসলাম (৫০)। তাঁর বাড়ি কুড়িগ্রামের রৌমারী উপজেলার কাজাইকাটা এলাকায়। তিনি নিজেকে সাবেক শিক্ষক ও কৃষক বলে দাবি করেন।

পুলিশ ও আঞ্চলিক শিক্ষা উপপরিচালকের সঙ্গে কথা বলে জানা যায়, রৌমারী উপজেলার কাজাইকাটা উচ্চবিদ্যালয়ের একজন শিক্ষক ও তিনজন কর্মচারী এমপিও’র সুপারিশের জন্য গত সোমবার উপপরিচালকের কার্যালয়ে যান মাইদুল। এক সপ্তাহ পর আজ আবার উপহারের বাক্সে করে ৭ লাখ টাকা নিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা আঞ্চলিক উপপরিচালক মোছা. রোকসানা বেগম কক্ষে যান। সেখানে তাঁকে সুপারিশের বিনিময়ে বাক্সটি গ্রহণ করতে বলেন। এ সময় বক্সের ভেতরে টাকা থাকার বিষয়টি জানালে রোকসানা কর্মচারীদের মাধ্যমে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে টাকাসহ ওই ব্যক্তিকে আটক করে বিকেলে থানা নিয়ে যান।

মাইদুল ইসলাম ঘুষের প্রস্তাব দেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমি আলাপ করতে আসছি। ম্যাডাম ঘুষ খায় না সেটা আমি জানি না। এটা আমারই দোষ।’

ঘুষ দিতে এলে পুলিশে খবর দেওয়া হয়।স্ট্রিম ছবি
ঘুষ দিতে এলে পুলিশে খবর দেওয়া হয়।স্ট্রিম ছবি

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা আঞ্চলিক উপপরিচালক মোছা. রোকসানা বেগম বলেন, ‘ওই ব্যক্তিকে আমি আগে কখনও দেখিনি। তবে তিনি গত সোমবার আমার অফিসে এসেছিলেন। আজকে (সোমবার) তিনি রৌমারীর কাজাইকাটা উচ্চবিদ্যালয়ের একজন শিক্ষক ও তিনজন কর্মচারীর এমপিও’র সুপারিশ করতে এসে উপহারের বক্সটি টেবিলে রাখেন। এ সময় মেসেজে দেখান একজন শিক্ষকের জন্য ৫ লাখ, তিনজন কর্মচারীর জন্য তিন লাখ, ৮ লাখ টাকা এখানে আছে। এটা দেখে অফিসের কর্মচারীদের দিয়ে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে তাঁকে আটক করে নিয়ে যায়। এ সময় তাঁর কাছে থাকা ৭ লাখ টাকা জব্দ করে।’

রংপুর মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী রাত সাড়ে ৭টায় বলেন, ‘খবর পেয়ে জিডি করে জব্দ টাকাসহ ওই ব্যক্তিকে শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে আটক করে থানা আনা হয়েছে। বিষয়টি দুদককে জানানো হয়েছে। তাঁরা আসলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত