
সংবাদ প্রকাশের জেরে প্রাণনাশসহ নানা হুমকিধামকির পরিপ্রেক্ষিতে সাধারণ ডায়েরি (জিডি) করেছে ঢাকা স্ট্রিম কর্তৃপক্ষ। গত শুক্রবার (২৬ জুন) রাজধানীর কলাবাগান থানায় জিডি করার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানের হেড অব কমিউনিকেশন এস. এম. মিনহাজুর রহমান।
জিডিতে মিনহাজুর রহমানের অভিযোগ, গত মঙ্গলবার (২৩ জুন) রাতে বাংলা স্ট্রিম ‘সাদা-কালো পতাকায় সয়লাব দেশ, নেপথ্যে কারা’ শিরোনামে সংবাদ প্রকাশ করে। পরে ঢাকা স্ট্রিমে ‘Who is behind the ubiquitous Al-Qaeda flags in Bangladesh?’ শিরোনামে একই খবর প্রকাশিত হয়। এরপর থেকে নানাভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।
স্ট্রিমের ফেসবুক পেজে বার্তা পাঠিয়ে, প্রাতিষ্ঠানিক নম্বরে কল দিয়ে সম্পাদক ও প্রকাশক গোলাম ইফতেখার মাহমুদ এবং সংশ্লিষ্ট প্রতিবেদক সালেহ ফুয়াদকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। ব্যক্তিগত মোবাইল নম্বরে যোগাযোগ করেও হামলা, হত্যার হুমকিসহ নানা ভয়ভীতি দেখানো হচ্ছে বলে জিডিতে উল্লেখ করেছেন তিনি।
যেসব নম্বর থেকে হুমকি, ফেসবুক, মেসেঞ্জারসহ হুমকি দেওয়া অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের সুনির্দিষ্ট তথ্য, স্ক্রিনশট ও কল লগ সংরক্ষিত রয়েছে এবং প্রয়োজনে তদন্তের স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে তা সরবরাহ করার কথা জিডিতে উল্লেখ রয়েছে।
প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকদের জীবন, ব্যক্তিগত নিরাপত্তা এবং প্রতিষ্ঠানের নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন মিনহাজুর রহমান।
এই ব্যাপারে কলাবাগান থানার ওসি ফজলে আশিক জানান, অভিযোগ তাঁরা পেয়েছেন। বিষয়টি নিয়ে কাজ চলছে। শিগগির অগ্রগতি জানানো হবে।
.png)








