
গাইবান্ধার গোবিন্দগঞ্জে চিনি কলের ভূমি উদ্ধার কমিটি নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার জয়পুরপাড়ায় এই সংঘর্ষে নারীসহ তিনজন আহত হন। তাঁরা হলেন শিউলি মার্ডি, লুকাস মুরমু, শ্যামলী মার্ডি। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকার আখচাষিদের সূত্রে জানা গেছে, রংপুর চিনিকল বন্ধ হয়ে যাওয়ার পর ১ হাজার ৮৬২ একর জমি পৈতৃক সম্পত্তি দাবি করে ভোগ-দখল করছে সাঁওতালরা। চিনি কলের ওই জমির মালিকানা ফেরতের দাবিতে আন্দোলন করে আসছে সাহেবগঞ্জ বাগদা ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি। চলতি বছরে ১ এপ্রিল ডা. ফিলিমন বাস্কের নেতৃত্বে একটি নতুন কমিটির ঘোষণা করা হয়। এ নিয়ে কমিটি দুই ভাগ হয়ে যায়। এর একাংশের নেতৃত্ব দিচ্ছেন ফিলিমন বাস্কে। আরেকাংশের নেতৃত্বে রয়েছেন জাফরুল ইসলাম।
স্থানীয় লোকজন জানিয়েছে, রোববার দুপুরে জয়পুরপাড়ায় ফিলিমন বাস্কের নেতৃত্বে একটি বিক্ষোভ সমাবেশ চলছিল। সেখানে দুই গ্রুপের কমিটির নিয়ে কথা-কাটাকাটি হয়। এর এক পর্যায়ে দুই গ্রুপের মধ্য সংঘর্ষ বাঁধে।
একটি গ্রুপের সভাপতি ডা. ফিলিমন বাস্কের বলেন, ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির অপর গ্রুপের জাফরুল, স্বপন শেখ ও সাবু নেতৃত্বে সংঘবদ্ধ লোকজন পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন জাফরুল ইসলাম।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পবিত্র কুমার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। সন্ধ্যা পর্যন্ত কেউ অভিযোগ করেনি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।
.png)






