এসডিজি অর্জনে পরিবারই উন্নয়নের মূল কেন্দ্র: অর্থমন্ত্রী
সোমবার (১০ আগস্ট) রাজধানীর একটি সম্মেলনে ‘এসডিজি অর্জনে পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো: নীতি, অংশীদারত্ব ও অগ্রাধিকার’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু ২০২৬ থেকে ২০৩১ সাল পর্যন্ত পাঁচ বছর মেয়াদি এসডিজি অর্জন কৌশলের বিস্তারিত রূপরেখা তুলে ধরেন।
স্ট্রিম প্রতিবেদকঢাকা

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পরিবারকে উন্নয়নের মূল একক হিসেবে বিবেচনা করছে সরকার। এই লক্ষ্যে ৪১ লাখ পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’-এর আওতায় এনে আর্থিক সহায়তা দেয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (১০ আগস্ট) রাজধানীর একটি সম্মেলনে ‘এসডিজি অর্জনে পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো: নীতি, অংশীদারত্ব ও অগ্রাধিকার’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় ২০২৬ থেকে ২০৩১ সাল পর্যন্ত পাঁচ বছর মেয়াদি এই কৌশলের বিস্তারিত রূপরেখা তুলে ধরেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, ‘ফ্যামিলি কার্ডের মাধ্যমে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারগুলো সরাসরি আর্থিক সহায়তা পাবে। এটি কেবল দারিদ্র্য বিমোচন নয়, বরং নারীর ক্ষমতায়নে দীর্ঘমেয়াদি ভূমিকা রাখবে। ২০৩০ সালের মধ্যে এই ব্যবস্থাকে ‘ইউনিভার্সাল সোশ্যাল আইডি কার্ড’ হিসেবে রূপান্তর করা হবে।’
অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিকভাবে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। কার্ডধারী প্রতিটি পরিবার মাসে ২ হাজার ৫০০ টাকা করে সহায়তা পাবে। ভাতার টাকা সরাসরি পরিবারের নারী সদস্যের কাছে পৌছে দেওয়া হবে। এই কর্মসূচির জন্য ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
তিনি আরও জানান, সরকারের বর্তমান নির্বাচনী ইশতেহারের সঙ্গে এসডিজি লক্ষ্যগুলোর গভীর সমন্বয় করা হয়েছে। ইশতেহারের ৭৩ শতাংশ অঙ্গীকার সরাসরি এসডিজির সঙ্গে সম্পৃক্ত। বাকি ২৭ শতাংশ প্রাতিষ্ঠানিক সংস্কারের সাথে সম্পর্কিত, যা লক্ষ্য অর্জনে সহায়ক হবে।
এসডিজি অর্জনে বড় চ্যালেঞ্জ হিসেবে অর্থায়নের বিষয়টি উল্লেখ করেন অর্থমন্ত্রী। জাতিসংঘের হিসাব অনুযায়ী, বাংলাদেশে এসডিজি বাস্তবায়নে প্রায় ৪২১ বিলিয়ন ডলারের অর্থায়ন ঘাটতি রয়েছে। এই ঘাটতি মোকাবিলা ও ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনে সরকার পদক্ষেপ নিয়েছে। এর প্রথম ধাপে স্থিতিশীলতা আনা, দ্বিতীয় ধাপে ক্ষতিগ্রস্ত খাত পুনরুজ্জীবিত করা এবং তৃতীয় ধাপে দীর্ঘমেয়াদি কাঠামোগত পরিবর্তন আনা হবে।
.png)






