
কুষ্টিয়ার খোকসায় বাস-ট্রাকের সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। গুরুতর অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও ১০-১৫ জনকে। এতে নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের শিমুলিয়া দক্ষিণ কুঠিপাড়া মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি আবু ওবায়েদ জানান, নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। মরদেহগুলোর মধ্যে দুটি খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকি দুটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে পাংশাগামী ড্রাম ট্রাক এবং রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী বাসের মধ্যে এই সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে পাশের পুকুরে পড়ে যায়। পরে আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেন স্থানীয়রা।
.png)






