
চাকরির কথা বলে রাশিয়ার পক্ষে যুদ্ধের জন্য দেশটিতে পাঠানো ৩০ বাংলাদেশির মধ্যে রাজন হোসেনকে উদ্ধার করেছে বাংলাদেশ দূতাবাস। শুক্রবার (২১ আগস্ট) মস্কো সময় রাত সাড়ে ৯টায় তাঁকে দেশে ফেরার উড়োজাহাজে তুলে দেওয়া হয়।
মস্কোয় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মিজানুর রহমান বলেন, ‘রাজন হোসেনের ইমিগ্রেশন ক্লিয়ারেন্স শেষ হওয়ার পরই তাঁর প্রত্যাবাসন নিশ্চিত করা হয়। উদ্ধার পরবর্তী পুরো প্রক্রিয়া দূতাবাসের তত্ত্বাবধানে হয়েছে।’
দূতাবাসের তথ্যে, রাজন হোসেন ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আদ্দিস আবাবা হয়ে বাংলাদেশে পৌঁছাবেন। রোববার (২৩ আগস্ট) বাংলাদেশ সময় সকাল ৯টা ৫০ মিনিটে তাঁর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা।
অভিযোগ উঠেছে, উচ্চ বেতনসহ বিভিন্ন সুযোগ-সুবিধার কথা বলে সম্প্রতি ৩০ বাংলাদেশিকে রাশিয়ার যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। পরে গত ১ জুন তিনটি এজেন্সির রিক্রুটিং লাইসেন্স (আরএল) বাতিল এবং জামানত বাজেয়াপ্ত করে প্রবাসীকল্যাণ ও বৈদেশিককর্মসংস্থান মন্ত্রণালয়। লাইসেন্স বাতিল হওয়া এজেন্সি হলো- আরএস ইন্টারন্যাশনাল (আরএল-১৪২৮), জাবাল-ই-নূর (আরএল-২৫০৫) ও টিএস ওভারসিস লিমিটেড (আরএল-১৭৫৫)।
.png)






