৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন জমায় ৫% প্রণোদনা
স্ট্রিম প্রতিবেদকঢাকা

নতুন করবর্ষের শুরুতেই আয়কর রিটার্ন দাখিল উৎসাহিত করতে ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে পরিশোধযোগ্য করের ওপর ৫ শতাংশ প্রণোদনা বা ছাড়ের ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
রোববার (২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবারভুক্ত করদাতারা এই সুবিধা পাবেন। তবে এ ক্ষেত্রে সর্বোচ্চ কর ছাড়ের পরিমাণ হবে ২৫ হাজার টাকা। করদাতাদের স্বতঃস্ফূর্তভাবে কর দিতে উৎসাহিত করতে আয়কর আইন, ২০২৩-এর নতুন বিধান অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ সেপ্টেম্বরের পর অর্থাৎ ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত করদাতারা কোনো অতিরিক্ত কর দেওয়া ছাড়াই রিটার্ন দাখিল করতে পারবেন, তবে এই সময়ের জন্য কোনো প্রণোদনা মিলবে না। নির্ধারিত সময়ের পর অর্থাৎ ৩১ ডিসেম্বরের পর রিটার্ন দাখিলে অতিরিক্ত কর দিতে হবে।
এনবিআর জানায়, ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত রিটার্ন দাখিল করলে পরিশোধযোগ্য করের ২ শতাংশ অথবা ৩ হাজার টাকা—যেটি বেশি হয়, সেই পরিমাণ অতিরিক্ত কর দিতে হবে। এছাড়া ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত রিটার্ন দাখিলের ক্ষেত্রে ৫ শতাংশ অথবা ৫ হাজার টাকার মধ্যে যেটি বেশি, সেই পরিমাণ অতিরিক্ত কর প্রযোজ্য হবে।
মূলত করবর্ষের শুরুতেই বেশি সংখ্যক করদাতাকে রিটার্ন প্রদানে উৎসাহিত করা, কর পরিপালনের সংস্কৃতি জোরদার করা এবং কর প্রশাসনের কার্যক্রম আরও সুশৃঙ্খল করার লক্ষ্য থেকেই এ পদক্ষেপ নিয়েছে এনবিআর।
উল্লেখ্য, এনবিআর গত ২২ জুলাই থেকে ২০২৬-২৭ করবর্ষের জন্য ব্যক্তিশ্রেণির করদাতাদের ই-রিটার্ন সেবা চালু করেছে। করদাতারা এনবিআরের অনলাইন ই-ট্যাক্স প্ল্যাটফর্মের মাধ্যমে ঘরে বসেই সহজে আয়কর রিটার্ন দাখিল এবং ব্যাংক স্থানান্তর ও বিভিন্ন ডিজিটাল মাধ্যমে কর পরিশোধ করতে পারবেন। সঠিক তথ্য প্রদান করে নির্ভুলভাবে রিটার্ন দাখিলের পর তাৎক্ষণিকভাবে প্রাপ্তিস্বীকারপত্র ও আয়কর সনদ সংগ্রহ করা যাবে।
এনবিআর জানিয়েছে, অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোনো সমস্যা হলে করদাতারা অফিস চলাকালীন সময়ে কল সেন্টার ও অন্যান্য যোগাযোগ মাধ্যমে আয়কর কর্মকর্তাদের সহায়তা নিতে পারবেন।
.png)




-78ae87-256x144.webp)

