গুরুদাসপুরে অর্ধশত গাড়ির শোডাউনের পর ছাত্রদল নেতাকে অব্যাহতি
স্ট্রিম সংবাদদাতানাটোর

নাটোরের গুরুদাসপুরে প্রায় অর্ধশত গাড়ি নিয়ে শোডাউনের (শোভাযাত্রা) ঘটনার পর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামাণিক অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দলীয় প্যাডে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এর আগে রোববার (১২ এপ্রিল) বিকেলে মাসুদ প্রামাণিকের নেতৃত্বে হাইয়েস ও প্রাইভেটকারসহ প্রায় অর্ধশত গাড়ির শোভাযাত্রা বের হয়। চলমান জ্বালানি সংকটের মধ্যেই মোটরযান শোভাযাত্রার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিরূপ সমালোচনা সৃষ্টি হয়। পরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মাসুদ প্রামাণিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয় সংগঠনের কেন্দ্রীয় কমিটি।
জানা গেছে, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা জানান দিতেই শোভাযাত্রার আয়োজন করেন ছাত্রদল নেতা মাসুদ প্রামাণিক। গুরুদাসপুর পাইলট মডেল উচ্চবিদ্যালয় মাঠ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাঁচকৈড় বাজারে গিয়ে শেষ হয়।
এদিকে শোডাউনে অংশ নেওয়া ভাড়ায়চালিত গাড়ির চালকদের দাবি, ব্যবহৃত গাড়িগুলোর অধিকাংশই সিএনজি ও এলপিজি চালিত ছিল। তেলচালিত গাড়ি ব্যবহারের অভিযোগ সঠিক নয় বলেও তারা উল্লেখ করেন।
অভিযোগের বিষয়ে মাসুদ রানা প্রামাণিক বলেন, জ্বালানি সংকট শুরুর আগেই গাড়িগুলো আগাম বুকিং করা হয়েছিল। মূলত রমজান মাসে কর্মসূচি আয়োজনের পরিকল্পনা থাকলেও তা সম্ভব হয়নি। পরে ঈদের পর গাড়িচালকদের অনুরোধেই অনুষ্ঠানটি করা হয়।
শোভাযাত্রায় অংশ নেওয়া গাড়িগুলোর বেশিরভাগই সিএনজি ও এলপিজি চালিত ছিল দাবি করে মাসুদ রানা বলেন, জ্বালানি সংকটে ছাত্রদল সবসময় সহযোগিতামূলক ভূমিকা পালন করে আসছে।
.png)






