তেলের দাম বাড়ানোয় জীবন-জীবিকায় নেতিবাচক প্রভাব পড়েছে: আখতার
স্ট্রিম প্রতিবেদকঢাকা

রাতারাতি তেলের দাম বাড়িয়ে দেওয়ায় মানুষের জীবন-জীবিকায় নেতিবাচক প্রভাব পড়েছে বলে মন্তব্য করেছেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে জনগুরুত্বপূর্ণ নোটিশের আলোচনায় তিনি এ মন্তব্য করেন। এর আগে বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
আখতার হোসেন বলেন, ‘রাতারাতি জ্বালানি তেল ও এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধি করায় জীবন-জীবিকায় নেতিবাচক প্রভাব পড়ছে। সরকার বলেছিল তারা দাম বাড়াবে না, কিন্তু শেষ পর্যন্ত তারা দাম বাড়াতে বাধ্য হয়েছে। এত দাম বাড়ানো উচিত হয়নি। আমরা মনে করি, দাম কমিয়ে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা সরকারের কাছে আহ্বান জানাব—আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার পাশাপাশি দেশীয় যে সংকটগুলো আছে, বিশেষ করে মজুতদারি, তা মোকাবিলা করতে হবে। সরকারের বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতা রয়েছে। সেসব বিষয় চিহ্নিত করে এলপিজিসহ সব জ্বালানির দাম সহনীয় পর্যায়ে নিয়ে এসে জনজীবনে স্বস্তি ফেরাতে হবে।’ বক্তব্যে তেলের কৃত্রিম সংকটের কথা উল্লেখ করে এ বিষয়ে সরকারের পদক্ষেপ কী, তা জানতে চান তিনি।
.png)






