সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা
স্ট্রিম প্রতিবেদকঢাকা
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে শনিবার (২ মে) নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান এই ঘোষণা দেন।
গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময় বিকেল ৪টার কিছুক্ষণ পর নুসরাত তাবাসসুম আবেদন জমা দিলে রিটার্নিং কর্মকর্তা তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান। এই সিদ্ধান্তের বিরুদ্ধে নুসরাত উচ্চ আদালতের দ্বারস্থ হন। আদালত তাঁর মনোনয়নপত্র গ্রহণ এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য ইসিকে নির্দেশ দেন।
রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান বলেন, ‘আদালতের আদেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। আজকের বাছাই প্রক্রিয়ায় তা বৈধ বলে সাব্যস্ত হয়েছে।’
এনসিপির দপ্তর সম্পাদক সালেহ উদ্দীন সিফাত গণমাধ্যমে এক বার্তায় জানিয়েছেন, সংরক্ষিত নারী আসনে এনসিপি প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করছে রিটার্নিং কর্মকর্তা।
আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি অনুযায়ী রাজনৈতিক দল ও জোটের মধ্যে এবার সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়েছে। সেই হিসাব অনুযায়ী বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র জোট ১টি আসন পেয়েছে। গত ২১ এপ্রিল জোটগুলো তাদের মনোনীত প্রার্থীদের তালিকা জমা দেয়।
জামায়াত জোটের শরিক দল এনসিপির পক্ষ থেকে দুজনকে মনোনয়ন দেওয়া হয়েছিল—মাহমুদা আলম মিতু এবং মনিরা শারমিন। গত ২৩ এপ্রিলের বাছাইয়ে মাহমুদা আলমের মনোনয়ন বৈধ হলেও আইনগত কারণে মনিরা শারমিনের মনোনয়ন বাতিল করা হয়।
অন্যদিকে প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দিয়েছে, তার বিরুদ্ধে রিট আবেদন করেছেন মনিরা শারমিন। আগামীকাল রোববার তাঁর রিট আবেদনের শুনানি হতে পারে। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও মোহাম্মদ হোসেন রিট আবেদনের শুনানি করবেন।
গত ২৩ এপ্রিল রিটার্নিং কর্মকর্তা মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেন। সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর পূর্ণ না হওয়ায় তিনি নির্বাচনে যোগ্য নন বলে ইসি থেকে বলা হয়।
২৬ এপ্রিল নির্বাচন কমিশনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন জমা দেন তিনি। তবে শুনানির পর নির্বাচন কমিশন তাঁর আপিল খারিজ করে দেন।
মনিরা শারমিনের হলফনামার তথ্য অনুযায়ী, তিনি ২০২৩ সালের ১১ নভেম্বর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মকর্তা হিসেবে যোগ দেন। চাকরি ছাড়েন ২০২৫ সালের ডিসেম্বরে।
.png)






