ধানমন্ডিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, জরিমানা আদায়
স্ট্রিম প্রতিবেদকঢাকা

সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে ধানমন্ডিতে ভ্রাম্যমাণ আদালত ও বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি জরিমানা আদায় করা হয়।
আজ বুধবার (১ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে ধানমন্ডি কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ ও এর সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, অভিযানকালে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটিয়ে ফুটপাত ও রাস্তার ওপর গড়ে ওঠা সব অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করে রাস্তাটি পরিষ্কার করা হয়। ফুটপাত ও সড়ক অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনার দায়ে এ সময় পাঁচটি মামলার মাধ্যমে মোট ১০ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।
ডিএসসিসির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং নগরীর উন্মুক্ত স্থান ও ফুটপাত দখলমুক্ত করতে এই ধরনের জনস্বার্থমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
.png)






