স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হত্যায় লক্ষ্মীপুর থেকে ২ আসামি গ্রেপ্তার
স্ট্রিম প্রতিবেদকঢাকা

রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (১০ জুন) রাতে লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন— মো. সিরাজ ও ‘গোল্ডেন’ রাকিব।
র্যাব-৩-এর একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, গত সোমবার রমনা থানার সাবেক আহ্বায়ক বিল্লাল হত্যার পরই এজাহারভুক্ত এই দুই আসামি আত্মগোপনে যান। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুরে তাদের অবস্থান শনাক্তের পর বুধবার রাতে অভিযান চালানো হয়। গ্রেপ্তারদের ঢাকায় আনা হচ্ছে।
এ ঘটনায় জড়িত আরও কয়েকজন আসামি এখনও পলাতক জানিয়ে র্যাবের সূত্র জানায়, বাকিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে সোমবার (৮ জুন) রাতে মৌচাকের আনারকলি মার্কেটের ভেতর স্থানীয় বিরোধের সালিশ বৈঠকে ওই হত্যাকাণ্ড হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শালিসে বিল্লাল হোসেনের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর চড়াও হয় এবং ধারালো অস্ত্র দিয়ে বুকে ও পিঠে উপর্যুপরি আঘাত করে। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বিল্লালের পরিবার ২১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেছেন।
.png)






