জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

জামায়াত আমিরের ‘নারী বিদ্বেষী’ মন্তব্যের প্রতিবাদে জাবিতে ঝাড়ু মিছিল

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০০: ০৪
কর্মজীবী নারীদের অবমাননার অভিযোগে জামায়াত আমিরের বিরুদ্ধে ঝাড়ু ও মশাল মিছিল। ছবি: সংগৃহীত

কর্মজীবী নারীদের নিয়ে জামায়াত আমিরের 'কুরুচিপূর্ণ' মন্তব্যের প্রতিবাদে ঝাড়ু ও মশালমিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বলেন, এ ধরনের অশ্লীল বক্তব্য কোনোভাবেই বরদাশত করা হবে না।

রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। এতে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, জাতীয় ছাত্রশক্তি এবং জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি বিভিন্ন ছাত্রী হল ও সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের বটতলায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিল চলাকালে শিক্ষার্থীরা নানান শ্লোগান দেন। সমাবেশে ছাত্র ইউনিয়ন নেত্রী আনিকা তাবাসসুম ফারাবী বলেন, ‘জামায়াত আমিরের আইডি হ্যাক হয়েছে কি না তা নিয়ে আলাপ হচ্ছে, কিন্তু তাঁর দলের নেতারা বিভিন্ন জায়গায় নারীদের ‘স্লাটশেমিং’ করছেন। আমি আপনার বোন বা মা না, আমি বাংলাদেশের একজন নাগরিক। এ দেশে বসে আমার মাকে বেশ্যা বলবেন আর আমরা বসে শুনব, তা হবে না।‘

নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফারিয়া জামান বলেন, শফিকুর রহমানের একটি স্ক্রিনশটে দেখা গেছে তিনি আধুনিকতার নামে মেয়েদের বাইরে বের হওয়াকে ‘বেশ্যাবৃত্তির অন্য ধরন’ বলেছেন। লজ্জার বিষয় যে এমন বক্তব্যের পরও একজন মানুষ রাজনীতি করতে পারেন। যেখানে এদেশের ৫১ শতাংশ ভোটার নারী, সেখানে এই ধরনের নোংরা ও নারী বিদ্বেষমূলক বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা বলেন, ৫ আগস্ট-পরবর্তী সময় থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও সমাবেশে নারীকে যেভাবে ‘বেশ্যাকরণ’ করার চেষ্টা করা হয়েছে, আজকের প্রতিবাদ তারই সম্মিলিত রূপ। তিনি নারীদের প্রতি সকল ধরনের সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

শিক্ষার্থীদের দাবি, রাজনৈতিক হীনস্বার্থ চরিতার্থ করতে বারবার নারীর মর্যাদাকে টার্গেট করা হচ্ছে যা প্রতিরোধ করা হবে।

জামায়াত আমিরের পোস্ট ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। যদিও জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয় বলে দলটি দাবি করছে।

শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত শেষে রোববার সকাল ডা. শফিকুর রহমান বলেন, ‘আগে টুইটার যেটাকে বলা হতো এখন এক্স বলে। গতকাল আমার একটি দুষ্টচক্র আমার এটাকে হ্যাক করে। মাদের প্রতি অপমানজনক কথা আমার এখান থেকে ছেড়ে দিয়েছে। এরা ডাকাত, এরা কাপুরুষ।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত