
ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের গৌরনদী এলাকায় বাসচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) দুপুরে উপজেলার বাটাজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উজিরপুর উপজেলার ফিরোজ মাহামুদ, তাঁর স্ত্রী মনিরা বেগম ও মেয়েসন্তান জান্নাত।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মহসীন হোসেন এসব তথ্য জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফিরোজ মাহমুদ তাঁর স্ত্রী-সন্তান নিয়ে মোটরসাইকেলে ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। বাটাজোর এলাকায় পৌঁছালে আনন্দ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
ওসি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত আনন্দ পরিবহনের বাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
.png)






