সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি, ককটেল জব্দ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সাভার (ঢাকা)

সাভারের ঘিরে রাখা ভবন ঘিরে উৎসুক জনতা। ছবি: সংগৃহীত
সাভারের ঘিরে রাখা ভবন ঘিরে উৎসুক জনতা। ছবি: সংগৃহীত

ঢাকার অদূরে সাভারের দক্ষিণ শ্যামপুর এলাকায় চার তলা একটি ভবন ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টার পর বাড়িটির সামনে অবস্থান নেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ও স্থানীয় থানার সদস্যরা।

অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যরা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে তারা কয়েকটি ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম জব্দ করেছেন।

সরেজমিন রাত ৯টার দিকে ঘটনাস্থলে দেখা যায়, শ্যামপুর এলাকার জলাবদ্ধ সড়ক লাগোয়া একটি ভবনের সামনে অবস্থান নিয়েছেন সিটিটিসি ও পুলিশ সদস্যরা। তাদের সঙ্গে বোম্ব ডিস্পোজাল ইউনিট রয়েছে। সিটিটিসি সদস্যরা এ সময় নিরাপত্তাজনিত কারণ উল্লেখ করে সাংবাদিকসহ সাধারণ মানুষকে বাড়ির সামনে থেকে সরিয়ে দেয়।

সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানান, রাতে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকা থেকে পাঁচটি বিস্ফোরক জব্দ করা হয়। এছাড়া শ্যামপুর এলাকায় আব্দুল জলিলের মালিকানাধীন একটি বাড়ি ঘিরে রাখা হয়েছে। সেখানে সন্ত্রাসীরা অবস্থান করছে– এমন খবর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে রয়েছে বলে জানান তিনি।

ঢাকা জেলার অতি‌রিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ঈশান জানান, এই বিষয়ে তাঁর কিছু জানা নেই।

এর আগে গত ৩০ জুলাই রাত প্রায় ১১টার দিকে আশুলিয়ার খেজুর বাগান এলাকার হৃদয় চাকমার মালিকানাধীন ‘জয়ী জেনারেল স্টোরের’ বেঞ্চে একটি পরিত্যক্ত ব্যাগ থেকে ‘প্রেশার কুকার বোমা’ জব্দ করে পুলিশ। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট গিয়ে নিরাপদ স্থানে সেটি বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত