ঠাকুরগাঁওয়ে নিখোঁজ চার স্কুলছাত্রী সিলেটে উদ্ধার
স্ট্রিম সংবাদদাতাঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে প্রাইভেটে পড়তে গিয়ে নিখোঁজ চার স্কুলছাত্রীকে সিলেটের সুরমা থানা-পুলিশ উদ্ধার করেছে। বুধবার (১ জুলাই) বালিয়াডাঙ্গী থানার ওসি বুলবুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
এর আগে মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টার দিকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে একসঙ্গে বাড়ি থেকে বের হয় চার ছাত্রী। এরপর থেকে তাদের খোঁজ না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তাদের স্বজনরা।
ছাত্রীরা সবাই উপজেলার সাবাজপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের মধ্যে তিনজন দশম শ্রেণিতে পড়ে। অপরজন অষ্টম শ্রেণির ছাত্রী। একই বিদ্যালয়ের চার শিক্ষার্থী একসঙ্গে নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি করে।
স্বজনরা জানান, মঙ্গলবার সকালে চার ছাত্রী একসঙ্গে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। সম্ভাব্য আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পাওয়া যায়নি। পরে বালিয়াডাঙ্গী থানায় একটি জিডি করেন পরিবারের সদস্যরা।
শিক্ষার্থীদের উদ্ধানের তথ্য নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার ওসি বুলবুল ইসলাম জানান, মঙ্গলবার জিডির ভিত্তিতে চার ছাত্রীর সন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। এর মধ্যে বুধবার দুপুরে সিলেটের সুরমা থানায় তাদের উদ্ধারের তথ্য নিশ্চিত হওয়া গেছে। তবে তারা কীভাবে সেখানে গেল ও কেউ নিয়ে গেছে কি না, এখনো বিস্তারিত জানা যায়নি। তাদের বালিয়াডাঙ্গী ফেরানোর কাজ চলছে।
.png)






