ফায়ার সার্ভিসের নামে ছড়ানো তাপমাত্রার সতর্কবার্তাটি ভুয়া
স্ট্রিম প্রতিবেদকঢাকা

সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের বরাত দিয়ে উচ্চ তাপমাত্রা ও করণীয় সংক্রান্ত একটি ‘বিভ্রান্তিকর বার্তা’ প্রচার করা হচ্ছে, যার সঙ্গে অধিদপ্তরের কোনো সম্পর্ক নেই বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মুখপাত্র শাহজাহান শিকদার।
প্রচারিত ওই ভুয়া বার্তায় আগামী ২৯ এপ্রিল হতে ১২ মে এবং ২৫ মে হতে ৪ জুন পর্যন্ত তাপমাত্রা বাড়বে দাবি করে ‘ডাইরেক্টর জেনারেল সিভিল ডিফেন্স’-এর উদ্ধৃতি দেওয়া হয়েছে। এ বিষয়ে শাহজাহান শিকদার স্পষ্ট করে বলেন, ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে এই ধরনের কোনো বার্তা বা নির্দেশনা জারি করা হয়নি।’
জনমনে বিভ্রান্তি ছড়াতে একটি চক্র অধিদপ্তরের নাম ব্যবহার করছে উল্লেখ করে তিনি সর্বসাধারণকে এসব তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানান। ফায়ার সার্ভিস সংশ্লিষ্ট যেকোনো সঠিক তথ্যের জন্য সবাইকে অফিশিয়াল সূত্রের ওপর নির্ভর করতে এবং গুজব থেকে সতর্ক থাকতে আহ্বান জানানো হয়েছে।
.png)






