চা বাগানের গাছে একই রশিতে ঝুলছিল স্বামী-স্ত্রীর মরদেহ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
মৌলভীবাজার

ঝুলন্ত মরদেহ উদ্ধার। প্রতীকী ছবি
ঝুলন্ত মরদেহ উদ্ধার। প্রতীকী ছবি

মৌলভীবাজারের রাজনগরে একটি চা-বাগান থেকে এক দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলার টেংরা ইউনিয়নের মাথিউড়া চা-বাগানের একটি গাছে একই রশির দুই প্রান্তে তাদের মরদেহ ঝুলছিল বলে জানিয়েছেন রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন।

মৃতরা হলেন উপজেলার উদনা চা-বাগান এলাকার মঙ্গল বাউরী (৩৫) ও বিনতা বাউরী (৩২)। তারা এক মাস আগে আদালতে গিয়ে বিয়ে করেছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

তারা জানান, মঙ্গল বাউরী ও বিনতা বাউরী মাথিউড়া চা-বাগানের শ্রমিক। দুজনেরই আগে বিয়ে হয়েছিল, সেই সংসারে সন্তানও রয়েছে। পরস্পরকে পছন্দ করে প্রায় এক মাস আগে তারা কোর্ট ম্যারেজ করেন। প্রথমে বিষয়টি গোপন থাকলেও সম্প্রতি জানাজানির পর উভয় পরিবারে বিরোধ তৈরি হয়। এ নিয়ে শনিবার রাতে তারা চা-বাগানের ভেতর চলে যান। রোববার সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, রোববার সকালে বাগানের মোকাম আকাশি টিলা এলাকায় একটি নিমগাছে দুজনের ঝুলন্ত মরদেহ দেখতে পান পাহারাদার স্বপন রাজভর। তিনি বিষয়টি বাগান কর্তৃপক্ষকে জানালে রাজনগর থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

রাজনগর থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা। মৃত দুজনের পরিবারে কলহ ছিল। তবে বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত