বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
স্ট্রিম সংবাদদাতাঢাকা

বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন করেছে বাংলাদেশ বিমান বাহিনী। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটের মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ঢাকার মিরপুরে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত মোনাজাতে অংশ নেন বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ।
এ সময় মরহুমের পরিবারের সদস্য, বিমান সদর ও ঢাকাস্থ বিমান বাহিনী ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিমানসেনারা উপস্থিত ছিলেন। মোনাজাতে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং একাত্তরের মুক্তিযুদ্ধে তার গৌরবোজ্জ্বল আত্মত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
পাশাপাশি, বিমান বাহিনী পরিচালিত সব স্কুল ও কলেজে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জীবন ও মুক্তিযুদ্ধে তার অবদান তুলে ধরে আলোচনা এবং তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান বিমান বাহিনীর পাইলট হিসেবে কর্মরত ছিলেন মতিউর রহমান। মুক্তিযুদ্ধে অংশ নিতে তিনি একটি প্রশিক্ষণ বিমান নিয়ে ভারতে আসার চেষ্টা করেন। এসময় শহীদ হন ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। মুক্তিযুদ্ধে অসামান্য সাহস ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাকে সর্বোচ্চ সামরিক সম্মান ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত করা হয়।
.png)






