মে দিবস উপলক্ষে নোয়াখালীতে শ্রমিকদের র্যালি ও সমাবেশ
স্ট্রিম সংবাদদাতানোয়াখালী

নোয়াখালীতে মে দিবস উপলক্ষে র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১ মে) সকাল সাড়ে ৯টায় শ্রমিক কল্যাণ ফেডারেশন নোয়াখালী শহর ও সদর উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
সমাবেশে প্রধান অতিথি জামায়াতে ইসলামীর জেলা আমির ইসহাক খন্দকার বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পার হলেও শ্রমিকেরা আজও তাঁদের ন্যায্য অধিকার ফিরে পাননি। আমরা বারবার সরকার পরিবর্তন হতে দেখেছি, সবাই শ্রমিকদের নিয়ে কথা বলেন, কিন্তু শ্রমিকের ভাগ্যের পরিবর্তন হয় না।’
ইসহাক খন্দকার বলেন, অধিকার আদায়ের জন্য শ্রমিকেরা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। আজকের মে দিবস সেই আত্মত্যাগেরই ফল। কিন্তু দুঃখজনকভাবে আজও সেই কাঙ্ক্ষিত অধিকার প্রতিষ্ঠিত হয়নি।
সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোমিন উল্যাহর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নোয়াখালী শহর শাখার সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম ও শহর সভাপতি মাহবুবুল রহমান রিয়াদ প্রমুখ।
শ্রমিকদের বর্ণাঢ্য র্যালিটি পৌর বাজার থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুধারাম থানার সামনে গিয়ে শেষ হয়। এ ছাড়া নোয়াখালীর বিভিন্ন উপজেলায় শ্রমিক সংগঠনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
.png)






