
মেহেরপুরের গাংনী উপজেলার ধলা সীমান্ত দিয়ে পাঁচজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির কড়া অবস্থান ও বাধার মুখে বিএসএফের এ চেষ্টা ব্যর্থ হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন-৪৭ বিজিবি জানায়, শুক্রবার (৭ আগস্ট) ভোর চারটার দিকে ১৩৫/৪-এস সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে। বিএসএফের ১১ ব্যাটালিয়নের বুড়িপোতা ক্যাম্পের সদস্যরা অজ্ঞাত পরিচয়ের চার পুরুষ ও এক নারীকে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশের চেষ্টা করান। বিষয়টি টের পেয়ে বিজিবি দ্রুত সীমান্তে প্রতিরোধ গড়ে তোলে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন-৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, ধলা সীমান্ত এলাকায় বিএসএফের সদস্যরা পাঁচজনকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছিল। তবে বিজিবির কঠোর প্রতিরোধের মুখে তারা সফল হতে পারেনি।
ধলা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার নিজাম উদ্দীন শিকদার জানান, সীমান্ত এলাকায় বিজিবির টহল আরও জোরদার করা হয়েছে। কোনোভাবেই অবৈধ পুশইন করতে দেওয়া হবে না এবং এ বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে পুশইনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিজিবির সঙ্গে থেকে তা প্রতিহত করার কথা জানিয়েছেন স্থানীয় অধিবাসীরা।
.png)






