রাজধানীতে ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১২ মে ২০২৬, ২২: ৪৫
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর বংশালে নিসার আলী (৫০) নামে এক ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় নয়াবাজার এলাকার বাগডাসা লেনের একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় তাঁর লাশ পাওয়া যায়।

পুলিশ জানিয়েছে, নিসার আলীর হাত-পা গামছা দিয়ে এবং মুখ জানালার পর্দা দিয়ে বাঁধা ছিল প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা শ্বাসরোধ করে তাঁকে হত্যা করে পালিয়ে গেছে।

নিহত নিসার আলী যশোরের শার্শা উপজেলার শ্যামলগাছী গ্রামের মৃত হযরত আলী মুন্সীর ছেলে। তিনি রাজধানীর ইসলামপুর এলাকায় কাপড়ের ব্যবসা করতেন। গত তিন মাস ধরে নয়াবাজারের ওই বাসায় তিনি একাই ভাড়া থাকতেন। নিসার আলীর একমাত্র ছেলে ইমরান ঢাকা নিউ মডেল কলেজের স্নাতক শেষ বর্ষের ছাত্র।

বাড়ির মালিক মোহাম্মদ হোসেন বাবু জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে নিসার আলীর কক্ষের বাতি জ্বলতে দেখেন তিনি। ডাকাডাকি করার পরও কোনো সাড়া না পেয়ে সন্দেহ হলে জানালার পর্দা সরিয়ে ভেতরে তাকান। এ সময় নিসার আলীর পা বাঁধা অবস্থায় দেখে দ্রুত ৯৯৯-এ ফোন করেন তিনি।

বংশাল থানার পরিদর্শক (তদন্ত) সোহেল হোসেন বলেন, ‘ব্যবসায়িক কারণে নিহত ব্যক্তি একাই থাকতেন। পরিবারের সঙ্গে যোগাযোগ কম ছিল।’

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরেই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনাস্থল থেকে সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করেছে। আইনি প্রক্রিয়া চলছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত