চকরিয়ায় মা-হাতির মৃত্যু, ছেড়ে যাচ্ছিল না শাবক

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
কক্সবাজার

প্রকাশ : ১৮ মে ২০২৬, ১০: ২২
মারা যাওয়া হাতিটি। ছবি: সংগৃহীত

কক্সবাজারে চকরিয়ায় অসুস্থ একটি বন্য মা-হাতির মৃত্যু হয়েছে। কয়েকদিন ধরে রামুর ঈদগড়, চকরিয়ার খুটাখালী এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী এলাকার পাহাড়ে ঘুরে বেড়ানো হাতিটি শনিবার গভীর রাতে মারা যায়। মারা যাওয়ার পরও হাতিটির শাবক পাশেই অবস্থান করছিল। কোনোভাবেই সে মাকে ছেড়ে যাচ্ছিল না।

বনবিভাগ সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১২টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের লম্বাখালী এলাকায় হাতিটির মৃত্যু হয়। বয়স হয়েছিল আনুমানিক ৩৫ বছর।

ঘটনার পর একটি শাবক হাতিসহ আট থেকে ১০টি বন্য হাতির একটি দলকে মৃত হাতিটির চারপাশে অবস্থান করতে দেখা যায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কক্সবাজার উত্তর বনবিভাগের ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তা উজ্জ্বল হোসাইন জানান, গত এক সপ্তাহ ধরে ঈদগড়, খুটাখালী ও বাইশারীর পাহাড়ি এলাকায় অসুস্থ একটি বন্য হাতিকে লোকালয়ের আশপাশে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা বনবিভাগকে খবর দেন। খবর পেয়ে বনবিভাগের একটি দল গত চারদিন ধরে বিভিন্ন পাহাড়ি এলাকায় অনুসন্ধান চালালেও হাতিটির অবস্থান নিশ্চিত করা সম্ভব হয়নি।

মারা যাওয়া হাতিটি। ছবি: সংগৃহীত
মারা যাওয়া হাতিটি। ছবি: সংগৃহীত

স্থানীয় কৃষক কাজল উদ্দিন জানান, ‘গত দুই দিন ধরে হাতিটি অসুস্থ অবস্থায় লোকালয়ে অবস্থান করছিল। সঙ্গে একটি ছোট শাবকও ছিল। শুক্রবার রাত থেকেই মা-হাতি ও শাবকটি আমার বাড়ির আশপাশে ঘোরাফেরা করছিল। বিষয়টি বনবিভাগকে জানাই। রোববার সকালে একই স্থানে মা হাতিটিকে মৃত অবস্থায় দেখতে পাই। শাবকটি মৃত মায়ের পাশেই অবস্থান করছিল। কোনোভাবেই সে মাকে ছেড়ে যাচ্ছিল না। লোকজন কাছে গেলে আতঙ্কিত হয়ে করুণ স্বরে ডাকছিল। এ সময় পার্শ্ববর্তী পাহাড়ে আরও আট থেকে ১০টি বন্য হাতিকে অবস্থান নিতে দেখা যায়। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রেঞ্জ কর্মকর্তা উজ্জ্বল হোসাইন জানান, রোববার সকালে খবর পেয়ে বনবিভাগের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে ভেটেরিনারি সার্জনের সহায়তায় হাতিটির ময়নাতদন্ত সম্পন্ন করে ঘটনাস্থলেই মৃতদেহ মাটি চাপা দেওয়া হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এর আগে গত ২৮ মার্চ চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের মুসলিমনগর এলাকায় একটি বন্য হাতিকে হত্যা করে মাটিচাপা দেওয়ার চাঞ্চল্যকর ঘটনা উদঘাটন করেছিল বন বিভাগ।

সম্পর্কিত