
নড়াইলে মরদেহবাহী অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে এসআইসহ পাঁচজন আহত হয়েছেন। বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার পূর্ব বালিয়াডাঙ্গা গ্রামের বাদশার গ্যারেজ এলাকায় ঢাকা-নড়াইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পুলিশের এসআই তাহের হোসেনের মা জাহানারা বেগম (৫৫) ও অ্যাম্বুলেন্সচালক আকবর হোসেন (২৯)।
আহতদের মধ্যে রয়েছেন এসআই তাহের হোসেন, সেলিম, মিন্টু, তানভীর ও বাসযাত্রী সায়েরা। নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পুলিশ জানায়, পুলিশ স্টাফ কলেজে কর্মরত এসআই তাহের হোসেনের বাবা ইসমাইল হোসেন বুধবার ভোরের দিকে রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে মারা যান। তাঁর মরদেহ গ্রামের বাড়ি যশোরে নেওয়া হচ্ছিল। এ সময় অ্যাম্বুলেন্সে তাহেরের মা জাহানারা বেগমসহ পরিবারের কয়েকজন সদস্য ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি ঢাকা-নড়াইল মহাসড়কের পূর্ব বালিয়াডাঙ্গা এলাকায় পৌঁছে। এ সময় বিপরীত দিক থেকে আসা ভাটিয়াপাড়াগামী একটি লোকাল বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান জাহানারা বেগম। আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক অ্যাম্বুলেন্সচালক আকবর হোসেনকে মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুন্ডু জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
.png)






