ঝিনাইদহ সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি
স্ট্রিম সংবাদদাতাঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তবে, তা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৫ আগস্ট) বেলা দেড়টার দিকে ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ মহেশপুর উপজেলার কুসুমপুর বিওপির আওতাধীন চাপাতলা মাজার এলাকায় ওই চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়। এ সময় মহেশপুর বিজিবির কুসুমপুর বিওপির টহল দল ওই চারজনকে সীমান্তের শূন্যরেখায় আটকে দেয়।
বিএসএফের ১৯৪ ব্যাটালিয়নের মাহেন্দ্রা ক্যাম্প ৪ ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। পুশইনের শিকার চারজনের মধ্যে দুজন পুরুষ, ১ নারী ও ১ শিশু রয়েছে।
পুশইনের শিকার চারজন শেষ খবর পাওয়া পর্যন্ত সীমান্তের শূন্য লাইন থেকে ১৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছে। এ বিষয়টি এরই মধ্যে ১৯৪ বিএসএফ ব্যাটেলিয়নের কমান্ডারকে জানানো হয়েছে বলে বিজিবি নিশ্চিত করেছে।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সীমান্ত সুরক্ষা, পুশইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি তৎপর রয়েছে। সেই সাঙ্গে সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
.png)






