ট্রেনের ইঞ্জিনে আগুন, ৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেলযোগাযোগ স্বাভাবিক
স্ট্রিম সংবাদদাতামৌলভীবাজার

মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুনের ৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টা ২০ মিনিটে ট্রেন চলাচল আবার শুরু হয়।
এর আগে মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে কমলগঞ্জের ভানুগাছ ও শমসেরনগর স্টেশনের মাঝামাঝি কালীপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি ভানুগাছ স্টেশন ছাড়ার পরই ইঞ্জিনের নিচে ধোঁয়া ও আগুন দেখা যায়। চালক দ্রুত ট্রেন থামিয়ে দেওয়ায় বড় বিপদ এড়ানো গেছে। তবে ইঞ্জিন বিকল হওয়ায় ট্রেনটি লাইনেই আটকা পড়ে।
ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার গৌরপ্রসাদ দাশ পলাশ জানান, ট্রেনের ইঞ্জিন থেকে মবিল চুইয়ে পড়ে আগুনের সূত্রপাত হয়। এতে ইঞ্জিন অচল হয়ে পড়লে সিলেটের সঙ্গে রেলযোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সিলেট থেকে বিকল্প ইঞ্জিন এসে দুর্ঘটনাকবলিত ট্রেনটি সরিয়ে নিলে সকাল ৯টা ২০ মিনিটে চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে এই রুটে ট্রেন চলাচল নিয়মিত রয়েছে।
.png)






