নতুন উদ্যোক্তারা বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ২৩: ৩৯
সংসদে বক্তব্য দিচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সংগৃহীত ছবি

নতুন উদ্যোক্তাদের জামানত ছাড়াই সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার। পাশাপাশি ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল চালু করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার (১২ জুলাই) সংসদে লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, কুটির, অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র (সিএমএসএমই) শিল্প খাতের নতুন উদ্যোক্তাদের অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিল ১০০ কোটি টাকা থেকে ৫০০ কোটি টাকা করা হয়েছে।

অর্থমন্ত্রী জানান, এই সিএমএসএমই তহবিলের আওতায় নতুন উদ্যোক্তারা সর্বোচ্চ ৭ শতাংশ সুদে জামানত ছাড়াই ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। এ ছাড়া জামানতের বিপরীতে সর্বোচ্চ ৩৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ পাবেন। এর বাইরে স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের ‘স্টার্টআপ ফান্ড’ তহবিলের সুদের হার হবে ৪ শতাংশ।

তিনি আরও জানান, স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য ঋণের পাশাপাশি ইক্যুইটি বিনিয়োগের সুযোগও তৈরি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং দেশের ৩৯ তফসিলি ব্যাংকের অংশগ্রহণে ‘বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানি পিএলসি’ গঠন হয়েছে।

অর্থমন্ত্রী জানান, বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে এবং কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে পরিচালিত ১ হাজার কোটি টাকার বিশেষ তহবিলের কার্যক্রম গত বছরের ১৪ জুলাই শেষ হয়েছে। এই তহবিলে প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষিত এবং অর্ধশিক্ষিত বেকার যুবকদের সিএমএসএমই শিল্পে স্বল্প সুদে ঋণ দেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী সংসদে আরও জানান, একই উদ্যোগের আওতায় আরও ১ হাজার ২০০ কোটি টাকার নতুন তহবিল গঠনের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত