ঈশ্বরদীতে একটি বিদ্যালয়ে হঠাৎ অসুস্থ হয়ে ৬৫ ছাত্রী হাসপাতালে

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
পাবনা

প্রকাশ : ১৩ মে ২০২৬, ১৯: ১১
ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় শিক্ষার্থীদের। সংগৃহীত ছবি
ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় শিক্ষার্থীদের। সংগৃহীত ছবি

পাবনার ঈশ্বরদীতে একটি বিদ্যালয়ের অন্তত ৬৫ জন ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার মুলাডুলি উচ্চবিদ্যালয়ে এই ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণির ছাত্রী রয়েছে।

এদিকে শ্রেণিকক্ষে একটি বিষ জাতীয় ওষুধের বোতল পাওয়া গেছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাসনা রানী। তিনি বলে, বিদ্যালয়ের তৃতীয় তলায় ষষ্ঠ শ্রেণির তিন নম্বর কক্ষের বেঞ্চের নিচে উকুননাশকের বোতল পাওয়া গেছে। এর মুখ খোলা ছিল। বোতল থেকে কোনো গন্ধ বের হয়ে এমন হয়েছে কি না, বোঝা যাচ্ছে না।

সহকারী গ্রন্থাগারিক শফিকুল ইসলাম বলেন, বুধবার দুপুর ১টার দিকে বিদ্যালয়ের তিনতলায় ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির তিন-চারজন ছাত্রী হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলে। তাদের দ্রুত হাসপাতালে পাঠানো ব্যবস্থা করা হয়। তবে আস্তে আস্তে আরও অনেক ছাত্রী অসুস্থ ও অজ্ঞান হয়ে পড়ে।

প্রধান শিক্ষক বাসনা রানী জানান, প্রথমে ছাত্রীদের মাথা ঘোরায়, তারপর একে একে অজ্ঞান হয়ে পড়ে। বিষয়টি সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ফায়ার সার্ভিসে ফোন দিয়ে জানানো হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় ৬৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এদিকে ছাত্রীদের অসুস্থতার খবর শুনে হাসপাতালে ছুটে যান অভিভাবকরা। তবে হাসপাতালে চিকিৎসা শুরুর কিছুক্ষণ পর অনেকেই সুস্থ বোধ করায় তাদের বাড়ি নিয়ে যাওয়া হয়।

ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) কাবেরী সাহা জানান, বিষক্রিয়ায় অসুস্থ হয়ে ৫৩ জন শিক্ষার্থী হাসপাতালে আসে। এছাড়া আতঙ্ক ও প্যানিক অ্যাটাকের কারণেও কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে খবর পেয়ে হাসপাতালে ছাত্রীদের দেখতে যান স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান।

ওসি আসাদুর রহমান জানান, বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শ্রেণিকক্ষে কীটনাশকের বোতল পাওয়া কথা জানিয়ে ইউএনও হাসান মোহাম্মদ শোয়াইব বলেন, ছাত্রীরা কেন অসুস্থ হয়েছে, বিষয়টি এখনও পরিস্কার নয়। ঘটনাটি খতিয়ে দেখতে আগামীকাল বৃহস্পতিবার (১৩ মে) একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এছাড়া পুলিশ আর গোয়েন্দা সংস্থাকে বলা হয়েছে বিষয়টি তদন্ত করতে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত