জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সীমিত পরিসরের হামলাও আগ্রাসন: তেহরান

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঈসমাইল বাঘাই। ছবি সংগৃহীত

সীমিত পরিসরে হামলাসহ যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের আক্রমণকে ‘আগ্রাসনমূলক কর্মকাণ্ড’ মনে করবে ইরান। আর ওই হামলার জবাবও দ্রুত দেওয়া হবে বলে জানিয়েছে ইরান।

আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঈসমাইল বাঘাই এই মন্তব্য করেন। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি ইরানে সীমিত পরিসরে হামলার বিষয়টি বিবেচনা করছেন। তাঁর ওই বক্তব্যের পরই তেহরানে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন বাঘাই।

সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের সীমিত পরিসরে হামলা প্রসঙ্গে সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে বাঘাই বলেন, সীমিত পরিসরে হামলা বলে কিছু নেই। আগ্রাসনমূলক কাজকে আগ্রাসনই মনে করা হবে। এটাই শেষ কথা। আর যেকোনো দেশই তার আত্মরক্ষার সহজাত অধিকারের অংশ হিসেবে আগ্রাসনের তীব্র প্রতিক্রিয়া জানাবে, আমরাও সেটাই করব।

এর আগে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ট্রাম্প বলেন, তেহরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে না পারে তবে তিনি সীমিত পরিসরে হামলার বিষয়টি বিবেচনা করবেন। ট্রাম্প বলেন, আমি মনে করি এটা আমি বিবেচনা করছি। খবর ডনের।

পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি বেশ বাড়াচ্ছে। এসবের মধ্যে আবার ওমানের মধ্যস্থতায় ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনাও চালিয়ে যাচ্ছে দেশটি। মঙ্গলবারই (১৭ ফেব্রুয়ারি) দেশ দুটির মধ্যে সুইজারল্যান্ডে দ্বিতীয় দফার আলোচনা শেষ হয়েছে। আসছে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ফের আলোচনায় বসার কথা জানিয়েছে ওমান এবং ইরান। তবে যুক্তরাষ্ট্র এখনো বিষয়টি নিশ্চিত করেনি।

পরোক্ষ আলোচনায় ইরানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। আর যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং মেয়ের জামাই জারেড কুশনার।

এদিকে, রোববার (২২ ফেব্রুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, উইটকফ বলেছেন, ওয়াশিংটনের সামরিক উপস্থিতি বাড়ানোর মুখেও ইরান ‘আত্মসমর্পণ’ না করায় ট্রাম্প বিস্মিত হয়েছেন।

অন্যদিকে, উইটকফের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরানিরা তাদের ইতিহাসে কোনোদিন আত্মসমর্পণ করেনি।

Ad 300x250

সম্পর্কিত