
নরওয়ের নতুন রাজা হিসেবে অষ্টম হাকন দায়িত্ব নিয়েছেন। তাঁর প্রয়াত বাবা রাজা হ্যারাল্ডের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি। একইসঙ্গে রাজা হিসেবে দেশের মানুষের জন্য নিজের সবটুকু দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
বাবার মৃত্যুর এক দিন পর শনিবার রাজা হিসেবে প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেন হাকন। ভাষণটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।
নরওয়ের সরকারি সম্প্রচারমাধ্যম এনআরকের প্রতিবেদনে বলা হয়, ভাষণে হাকন বলেন, আমরা শোকাহত। একই সময়ে এত মানুষ আমাদের সঙ্গে শোক প্রকাশ করছেন— এটি আমাদের সান্ত্বনা ও শক্তি জোগায়।
রাজা হ্যারাল্ড শুক্রবার ৮৯ বছর বয়সে মারা যান। তিনি ৩৫ বছর নরওয়ের রাজা ছিলেন। হিমোলাইটিক অ্যানিমিয়ায় ভুগছিলেন তিনি।
বাবার কথা স্মরণ করে হাকন বলেন, রাজা হিসেবে হ্যারাল্ড গর্ব ও আনন্দের সঙ্গে নরওয়ে ও দেশটির মানুষের প্রতিনিধিত্ব করেছেন। দেশের বিভিন্ন স্থানে সফর, রাজপ্রাসাদের বিভিন্ন অনুষ্ঠান এবং বিশ্বের বিভিন্ন দেশে নরওয়ের স্বার্থে কাজ করার সময় তিনি এ দায়িত্ব পালন করেছেন।
রাজা হ্যারাল্ড মৃত্যুতে শোক জানাতে রাজধানী অসলোতে রাজপ্রাসাদের বাইরে হাজারো মানুষ জড়ো হন। সেখানে ফুল, শোকবার্তা ও মোমবাতি নিয়ে শ্রদ্ধা জানান তাঁরা।
জনগণের এই ভালোবাসার জন্য ধন্যবাদ জানিয়ে হাকন বলেন, প্রাসাদ চত্বর মানুষে ভরে গেছে। সেখানে ফুল, শোকবার্তা ও মোমবাতি— এই দৃশ্য দেখা ছিল অত্যন্ত আবেগঘন অভিজ্ঞতা।
রাজা হ্যারাল্ড শেষকৃত্য না হওয়া পর্যন্ত নরওয়েতে জাতীয় শোক চলবে। তবে শেষকৃত্যের তারিখ এখনো ঘোষণা করা হয়নি। রোববার দেশজুড়ে বিভিন্ন গির্জায় স্মরণসভা হওয়ার কথা রয়েছে। বিভিন্ন গির্জা ও সিটি হলে মানুষ শোকবইয়ে স্বাক্ষর করছেন এবং মোমবাতি নিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন।
ভাষণে হাকন বলেন, তাঁর স্ত্রী রানি মেতে-মারিত এবং মেয়ে ক্রাউন প্রিন্সেস ইনগ্রিড আলেকজান্দ্রাও মানুষের পাশে থাকবেন এবং তাদের কথা শুনবেন।
হাকন বলেন, আমরা আমাদের গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা এমন একটি সমাজে বিশ্বাস করি, যা আইন ও ন্যায়বিচারের ভিত্তিতে গড়ে উঠেছে এবং যেখানে প্রত্যেক মানুষের মূল্য সমান।
মঙ্গলবার নরওয়ের আইনসভার সামনে দেশটির সংবিধান ও আইন রক্ষার শপথ নেওয়ার কথা রয়েছে নতুন রাজার। তবে রাজা হওয়ার সময় হাকনকে কিছু বিতর্কও সামলাতে হচ্ছে। তাঁর স্ত্রী রানি মেতে-মারিতের সঙ্গে প্রয়াত যৌন অপরাধী জেফ্রি অ্যাপিস্টিনের সম্পর্ক ঘিরে বিতর্ক রয়েছে। এ ছাড়া হাকনের সৎপুত্র মারিয়ুস বর্গ হোইবি ধর্ষণ, পারিবারিক সহিংসতাসহ বিভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। গত জুনে তাঁকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়।
তথ্যসূত্র: আলজাজিরা
.png)




-7bb02b-256x144.webp)

