ইরাকে হামলায় ইউক্রেনের গোলা-বোমা ব্যবহারের অভিযোগ

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৯: ১১
থরে থরে সাজিয়ে রাখা বোমা। ছবি: সংগৃহীত
থরে থরে সাজিয়ে রাখা বোমা। ছবি: সংগৃহীত

ইরাকে একাধিক হামলায় ইউক্রেনের বোমা ব্যবহারের অভিযোগ তুলেছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল-আবুদি। তিনি বলেছেন, নতুন তথ্যানুযায়ী ইরাকে কয়েকটি বোমা হামলায় ইউক্রেন জড়িত থাকতে পারে। এসব হামলার লক্ষ্য ছিল ইরাকি সরকারের বিভিন্ন স্থাপনা। খবর আলজাজিরার।

আরবি ভাষার টেলিভিশন চ্যানেল দিজলাহ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে আল-আবুদি বলেন, বিষয়টি নিয়ে এখনো তদন্ত চলছে। তদন্ত শেষ হওয়ার আগে কোনো পক্ষের বিরুদ্ধে চূড়ান্ত অভিযোগ আনা সম্ভব নয়।

তবে তিনি বলেন, আমরা একদল লোককে গ্রেপ্তার করেছি। তারা স্বীকার করেছে, ইউক্রেনের হয়ে কাজ করছিল। তারা ইরাকের কয়েকটি সরকারি স্থাপনায় বোমা হামলা চালিয়েছে।

এ বিষয়ে তিনি আর কোনো বিস্তারিত তথ্য দেননি। ইরাকি কর্মকর্তার এ দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে ইউক্রেনের কোনো মন্তব্যও পাওয়া যায়নি।

ইরানে হামলায় নিয়মনীতির তোয়াক্কা না করে ইরাকের আকাশ ব্যবহার করে আসছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। এমনকি দেশটির দুর্গম মরুভূমিতে ইসরায়েল গোপন বিমান ঘাঁটি স্থাপন করেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো প্রতিবেদন প্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্র ও ইরান উভয় দেশের হামলার শিকারও হয়েছে ইরাক। যুদ্ধ শুরুর পর দেশটিতে মার্কিন কনস্যুলেট ও যুক্তরাষ্ট্রের সেনাদের অবস্থানস্থলে একাধিকবার হামলা চালিয়েছে ইরান সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠী। আবার ওই গোষ্ঠীগুলোর ওপর বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এবার দেশটিতে হামলায় যুক্তরাষ্ট্রের মিত্র ইউক্রেনের অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠল।

এর মধ্যে মঙ্গলবার ভোরে ইরাকের উত্তরাঞ্চলের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্রে হামলা চালানোর কথা বলেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি। তাদের প্রতিবেদনে জানানো হয়েছে, উত্তর ইরাকে কুর্দি নিয়ন্ত্রিত ‘খোর মোর’ গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা চালানো হয়। এই গ্যাসক্ষেত্র থেকে ওই অঞ্চলের অধিকাংশ বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ করা হয়।

প্রায় একই সময়ে ২০০ কিলোমিটার দূরে কুর্দি শাসিত অঞ্চলের রাজধানী এরবিলেও বিকট বিস্ফোরণের খবর পাওয়া যায়। বিস্ফোরণের মুহূর্তের কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ইরাকি সংবাদমাধ্যম এবং ইরানের বার্তা সংস্থা ফার্সের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন কনস্যুলেটের নিকটবর্তী এলাকাসহ উত্তর ইরাকের এরবিলে অন্তত সাতটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ইরাকি পুলিশ সূত্র আলজাজিরাকে জানিয়েছে, উত্তর ইরাকের এরবিলের উত্তর-পূর্বে অবস্থিত খালিফান ও সোরান এলাকার বিভিন্ন স্থানকে লক্ষ্য করে অন্তত চারটি ইরানি ড্রোন হামলা চালিয়েছে।

পুলিশ জানায়, ইরানি ড্রোনের সন্দেহভাজন এই হামলার জবাবে এরবিলের ওপর দিয়ে যুক্তরাষ্ট্রের ১০টিরও বেশি যুদ্ধবিমান ও ড্রোন উড়তে দেখা গেছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত