শতাব্দীর সেরা সূর্যগ্রহণ দেখল ইউরোপ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০০: ১৩
ইউরোপ থেকে দেখা যাওয়া পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। ছবি: ইএসএ
ইউরোপ থেকে দেখা যাওয়া পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। ছবি: ইএসএ

ইউরোপের বিভিন্ন অঞ্চলসহ উত্তর গোলার্ধের বিস্তীর্ণ এলাকায় বুধবার দেখা গেছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। তবে ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ থেকে এ মহাজাগতিক দৃশ্য দেখা যায়নি। বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিটে শুরু হওয়া গ্রহণটি প্রায় ২৬৪ মিনিট স্থায়ী হয়।

পূর্ণগ্রাসের পথ রাশিয়া ও উত্তর মেরুর কাছ থেকে শুরু হয়ে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড ও স্পেনের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত ছিল। আইসল্যান্ডের রাজধানী রেইকিয়াভিকসহ কয়েকটি এলাকায় পূর্ণগ্রাস দেখা গেছে।

পূর্ণগ্রাসের সর্বোচ্চ স্থায়িত্ব ছিল প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ড। এ সময় চাঁদ পুরোপুরি সূর্যকে ঢেকে ফেলায় সূর্যের বাইরের বায়ুমণ্ডল বা করোনা স্পষ্ট হয়ে ওঠে। বিজ্ঞানীরা সূর্যের গঠন ও বায়ুমণ্ডল নিয়ে গবেষণায় এ সুযোগ কাজে লাগান।

সূর্যগ্রহণের বৈজ্ঞানিক গুরুত্বও দীর্ঘদিনের। ১৯১৯ সালের একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণের পর্যবেক্ষণ আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতাবাদের গুরুত্বপূর্ণ একটি পূর্বাভাসের প্রমাণ দিতে সহায়তা করেছিল। বর্তমানে একই ধরনের ‘ট্রানজিট’ পদ্ধতিতে সৌরজগতের বাইরের গ্রহের বায়ুমণ্ডল ও প্রাণের সম্ভাব্য চিহ্ন খোঁজা হচ্ছে।

বাংলাদেশ থেকে সরাসরি গ্রহণ দেখা না গেলেও বিভিন্ন আন্তর্জাতিক মহাকাশ গবেষণা সংস্থা লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে এ দৃশ্য সম্প্রচার করেছে।

সূত্র: আর্থ ডটকম, আনাদোলু

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত