পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ঝাড়খন্ডে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ২১: ৫৩
ঝাড়খন্ডের জগন্নাথপুর মন্দির এলাকায় পুলিশের জলকামানের মুখেও পিছু হটেননি বিক্ষোভকারীরা। উল্টো ভারতের জাতীয় পতাকা হাতে নেচে-গেয়ে প্রতিবাদ জানান তাঁরা। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
ঝাড়খন্ডের জগন্নাথপুর মন্দির এলাকায় পুলিশের জলকামানের মুখেও পিছু হটেননি বিক্ষোভকারীরা। উল্টো ভারতের জাতীয় পতাকা হাতে নেচে-গেয়ে প্রতিবাদ জানান তাঁরা। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস

নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ভারতের ঝাড়খন্ডে হাজারো চাকরিপ্রার্থী রাজ্য বিধানসভা অভিমুখে মিছিল করেছেন। এ সময় পুলিশ বাধা দিলে তাঁদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশের জলকামান ও লাঠিচার্জে কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছেন।

সোমবার (১০ আগস্ট) রাজ্যের বিভিন্ন জেলা থেকে চাকরিপ্রার্থীরা রাজধানী রাঁচিতে এই বিক্ষোভে যোগ দেন। মিছিলটি নতুন বিধানসভা ভবনের দিকে এগিয়ে গেলে তাঁদের থামানোর চেষ্টা করে পুলিশ। তবে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ জলকামান ব্যবহার করে। এতেও আন্দোলনকারীরা পিছু না হটলে তাঁদের ওপর লাঠিচার্জ করে পুলিশ।

বিক্ষোভে অংশ নেন ঝাড়খন্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চার (জেএলকেএম) নেতা দেবেন্দ্র নাথ মাহতো। নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে টানা ৯ দিন ধরে অনশন করছেন তিনি। এর মধ্যে তাঁর সাড়ে ১০ কেজি ওজন কমে গেছে। শারীরিকভাবে দুর্বল হওয়ায় অ্যাম্বুলেন্সে করে মিছিলে যোগ দেন তিনি।

নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খন্ডে ১৭ দিন ধরে আন্দোলন চলছে। রোববার (৯ আগস্ট) আন্দোলনরত শিক্ষার্থী সংগঠনগুলোর সঙ্গে প্রায় ছয় ঘণ্টা আলোচনার পর তিনটি পরীক্ষা বাতিল করতে সম্মত হয় রাজ্য সরকার। এর মধ্যে রয়েছে ১৪তম ঝাড়খন্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) প্রিলিমিনারি পরীক্ষা এবং ২০২৩ ও ২০২৫ সালের জেপিএসসির ব্যাক লগ পরীক্ষা। একই দিনে জেপিএসসির তিন সদস্য পদত্যাগ করেন।

তবে সরকারের এই সিদ্ধান্তে আন্দোলন থামেনি। শিক্ষার্থীদের মূল দাবি, ঝাড়খন্ড স্টাফ সিলেকশন কমিশনের (জেএসএসসি) কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল (সিজিএল) পরীক্ষায় অনিয়মের বিষয়ে কেন্দ্রীয় তদন্ত সংস্থার (সিবিআই) তদন্ত করতে হবে।

জেএলকেএম ও জেপিএসসি–জেএসএসসি রিফর্মস মঞ্চের নেতারা জেএসএসসি–সিজিএল পরীক্ষা বাতিলের পাশাপাশি টিএসআর ডেটা প্রসেসিং প্রাইভেট লিমিটেড এজেন্সির সঙ্গে সংশ্লিষ্ট সব পরীক্ষাও বাতিলের দাবি জানিয়েছেন। তাঁদের অভিযোগ, প্রতিষ্ঠানটি দুর্নীতির অভিযোগে অভিযুক্ত।

এদিকে, সোমবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাসভবনের বাইরে অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে আটক হন সাবেক মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা বাবুলাল মারান্ডি এবং আদিত্য সাহু। নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে সিবিআই তদন্তের দাবি জানাতে তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন।

আন্দোলন ঘিরে সোমবার (১০ আগস্ট) রাঁচিতে নিরাপত্তা জোরদার করা হয়। বিভিন্ন জেলা থেকে অতিরিক্ত পুলিশ সদস্য এনে মোতায়েনের পাশাপাশি বিধানসভা এলাকায় একাধিক স্তরে ব্যারিকেড বসানো হয়।

এর আগে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন আন্দোলনকারীদের আশ্বস্ত করে বলেছিলেন, স্বচ্ছতার সঙ্গে তাঁদের দাবির বিষয়ে ন্যায়বিচার করা হবে। তবে জেএসএসসি–সিজিএল পরীক্ষায় সিবিআই তদন্তের দাবি পূরণ না হওয়ায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত