হৃদরোগে প্রভাবশালী মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের মৃত্যু
স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির প্রভাবশালী সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন। শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। রোববার (১২ জুলাই) এক বিবৃতিতে গ্রাহামের কার্যালয় তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
দক্ষিণ ক্যারোলাইনা অঙ্গরাজ্য থেকে গ্রাহাম ২০০২ সালে সিনেটর নির্বাচিত হন। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র হিসেবে পরিচিত হলেও রাজনৈতিক জীবনের শুরুতে তাঁর কড়া সমালোচক ছিলেন। পরে তিনি কংগ্রেসে ট্রাম্পের অন্যতম বিশ্বস্ত সহযোগীতে পরিণত হন।
মৃত্যুর সময় সিনেটের বাজেট কমিটির চেয়ারম্যান ছিলেন গ্রাহাম। এ ছাড়া তিনি সিনেটের অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটি, জুডিশিয়ারি কমিটি এবং এনভায়রনমেন্ট অ্যান্ড পাবলিক ওয়ার্কস কমিটির সদস্য ছিলেন।
প্রতিরক্ষা ও আন্তর্জাতিক নীতির বিষয়ে রিপাবলিকান পার্টির অন্যতম প্রভাবশালী কণ্ঠ ছিলেন গ্রাহাম। জাতীয় নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী নীতিতে কঠোর অবস্থানের জন্য তিনি পরিচিত ছিলেন। মৃত্যুর মাত্র এক দিন আগে তিনি ইউক্রেন সফর করে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন।
এনবিসি নিউজ জানিয়েছে, শনিবার রাতে গ্রাহামের ক্যাপিটল হিলের বাসভবনে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ হয়। পরে জরুরি ভিত্তিতে তাঁকে হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। ব্যক্তিগত জীবনে অবিবাহিত ছিলেন লিন্ডসে গ্রাহাম। তাঁর বাড়ি ছিল দক্ষিণ ক্যারোলিনার সেনেকা শহরে।
.png)
-028855-256x144.webp)





