ইয়েমেনে হুতি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৮১
স্ট্রিম ডেস্ক

ইয়েমেনে হুতি বিদ্রোহী ও সরকারি বাহিনীর সংঘর্ষে অন্তত ৮১ জন নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সরকারি সামরিক কর্মকর্তা এবং হুতি নিয়ন্ত্রিত এলাকার চিকিৎসকদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
লোহিত সাগর উপকূলের এক সামরিক কর্মকর্তা জানান, সেখানে তাঁদের ২৪ সেনা নিহত হয়েছেন। অন্যদিকে, তাইজ অঞ্চলের আরেক কর্মকর্তা ১৫ সরকারি সেনা নিহতের খবর নিশ্চিত করেছেন। হুতি নিয়ন্ত্রিত এলাকার চিকিৎসা সূত্রগুলো জানিয়েছে, এই লড়াইয়ে অন্তত ৪২ হুতি যোদ্ধাও প্রাণ হারিয়েছেন।
তবে সংঘর্ষে নিহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো ।
বৃহস্পতিবার লোহিত সাগর উপকূল এবং তাইজ শহরের আশপাশে হুতিরা রকেট-ড্রোন হামলার পাশাপাশি স্থল অভিযান শুরু করলে এই সংঘর্ষের সূত্রপাত হয়।
সরকারি সামরিক সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, হুতিদের প্রধান লক্ষ্য বন্দর নগরী মোখাকে সরকারের নিয়ন্ত্রণাধীন অন্যান্য এলাকা থেকে বিচ্ছিন্ন করা। মোখায় গত কয়েক সপ্তাহ ধরে হামলা চালাচ্ছে হুতিরা। এছাড়া বিদ্রোহীরা কৌশলগত বাব এল-মান্দেব প্রণালির সীমান্তবর্তী এলাকাগুলোর দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছে।
ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি এবং সৌদি আরব-সমর্থিত সরকারের মধ্যে এক দশকেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলছে। ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হলেও গত জুলাইয়ে নতুন করে সংঘাত শুরু হয়।
তথ্যসূত্র: টিআরটি ওয়ার্ল্ড
.png)







