পাকিস্তানে সেনা সদস্যেদের ট্রেনে বিস্ফোরণে নিহত ২৪
স্ট্রিম ডেস্ক

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় সেনাসদস্য বহনকারী একটি ট্রেনে আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫০ জনের বেশি। খবর আল জাজিরা।
রোববার (২৪ মে) সকালে হওয়া এ হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)।
বিস্ফোরণে রেললাইনের পাশের কয়েকটি বাড়ি ও ভবন গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর তীব্রতায় ট্রেনের কয়েকটি বগি উল্টে যায় এবং সেগুলোতে আগুন ধরে যায়।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলার পর কোয়েটার সরকারি হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। চিকিৎসক ও অন্যান্য চিকিৎসাকর্মীদের দায়িত্বে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আগুনে পোড়া যানবাহন ও ট্রেনের বগি পড়ে আছে। সেখান থেকে ঘন কালো ধোঁয়া উড়ছে।
সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর হামলা বেড়েছে। এসব হামলার তীব্রতাও আগের তুলনায় বেশি। বেলুচিস্তানে চীনের অবকাঠামো প্রকল্পের বিরোধিতার কারণে চীনা কর্মীরাও হামলার লক্ষ্যবস্তু হয়েছেন।
চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের আওতায় চীনের শিনজিয়াং অঞ্চলকে পাকিস্তানের গওয়াদর বন্দরের সঙ্গে যুক্ত করা হয়েছে।
এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, সন্ত্রাসীদের এ ধরনের কাপুরুষোচিত কর্মকাণ্ড পাকিস্তানের জনগণের মনোবল দুর্বল করতে পারবে না। সন্ত্রাসবাদ নির্মূলে আমরা আমাদের অঙ্গীকারবদ্ধ।
.png)






