যুবলীগ নেতার বৃদ্ধ নির্যাতনের পুরোনো ভিডিও বিএনপির নামে প্রচার

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

স্ট্রিম গ্রাফিক

ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, গাজীপুরে একটি মিছিলকে কেন্দ্র করে ছাত্রলীগের এক কর্মীর বাড়িতে হামলা চালাচ্ছেন বিএনপির কর্মীরা।

‘বাংলাদেশ আওয়ামী লীগ’ নামের ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করে বলা হয়, ‘গাজীপুরের মিছিলকে কেন্দ্র করে এক ছাত্রলীগের বাড়িতে গিয়ে আক্রমণ চালাচ্ছে বিএনপির কর্মীরা।’ একই পোস্টে দাবি করা হয়, ছাত্রলীগ কর্মীকে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।

এ ধরনের আরও পোস্ট দেখুন এখানে, এখানে

তবে স্ট্রিমের যাচাইয়ে দেখা গেছে, দাবিটি সঠিক নয়। ভিডিওটি গাজীপুরের সাম্প্রতিক কোনো ঘটনার নয়। এটি ২০২০ সালে কক্সবাজারের চকরিয়ায় বৃদ্ধ নির্যাতনের দৃশ্য।

ভিডিওটির কয়েকটি স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চ করে ২০২০ সালের ৩ জুন প্রকাশিত দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনের সঙ্গে থাকা ছবির সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওটির মিল রয়েছে।

প্রতিবেদন থেকে জানা যায়, ২০২০ সালের ২৪ মে কক্সবাজারের চকরিয়ায় এই ঘটনা ঘটে।

মামলার এজাহারের বরাতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে বলা হয়, ‘গত ২৪ মে ঈদের কেনাকাটা করে বৃদ্ধ নুরুল আলম ঢেমুশিয়া স্টেশন থেকে ইজিবাইকে (টমটম) বাড়ি ফিরছিলেন। পথে ওয়ার্ড যুবলীগ সভাপতি আনছুর আলম ও তাঁর সন্ত্রাসী দল বৃদ্ধকে গাড়ি থেকে জোর করে নামিয়ে খোলা মাঠে নিয়ে যায়। সেখানে বৃদ্ধের লুঙ্গি ও গেঞ্জি টেনে-হিঁচড়ে তাকে উলঙ্গ করে চড়-থাপ্পড় মারা হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন যুবক মোবাইল ফোনে দৃশ্যটি ধারণ করছিল।’

একই ঘটনা নিয়ে ২০২০ সালের ৩ জুন ইত্তেফাকের একটি প্রতিবেদনেও বলা হয়, এই ঘটনা কক্সবাজারের চকরিয়ায় ঘটেছে। ২৪ মে নুরুল আলম নির্যাতনের শিকার হন। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে কক্সবাজার জেলা পুলিশ।

২০২০ সালের ১০ জুন বাংলা ট্রিবিউনের একটি প্রতিবেদনে জানানো হয়, প্রধান অভিযুক্ত ও মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি আনছুর আলমকে মহেশখালী থানার ষাইটমারা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Ad 300x250

সম্পর্কিত