১৯৭১ সালে যখন পাকিস্তানি হানাদার বাহিনী পূর্ব বাংলায় গণহত্যা চালাচ্ছিল, তখন আন্তর্জাতিক ত্রাণ সংস্থা কিংবা বিদেশি সাংবাদিকদেরও প্রবেশ নিষিদ্ধ ছিল। ঠিক সেই সময় লন্ডনের কয়েকজন তরুণ-তরুণী সিদ্ধান্ত নেন, ত্রাণ নিয়ে সীমান্ত ভেঙে বাংলাদেশে ঢোকার। এই দুঃসাহসী মানবিক অভিযানই ইতিহাসে পরিচিত অপারেশন ওমেগা (Operation Omega) নামে।
রজার মুডি, পল ও এলেন কনেট, গর্ডন স্লাভেন, বেন ক্রো—তারা কেউ বাঙালি নন, কিন্তু ১৯৭১-এর রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে ছিলেন বাংলাদেশের পাশে। পাকিস্তানি আর্মির হাতে গ্রেফতার, জেলে নির্যাতন, এমনকি মৃত্যুর হুমকি পর্যন্ত উপেক্ষা করে তাঁরা ত্রাণ পৌঁছে দিয়েছিলেন বাংলার অসহায় মানুষের কাছে।