বসনিয়াকে বিদায় করে শেষ ষোলোয় স্বাগতিক যুক্তরাষ্ট্র
স্ট্রিম প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফ্লোরিয়ান বালোগান গোলও করলেন, আবার লাল কার্ডও দেখলেন। তবু ১০ জনের দল নিয়েই বসনিয়া ও হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ বেলজিয়াম।
বৃহস্পতিবার (২ জুলাই) ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারার লেভিস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণে আধিপত্য ছিল যুক্তরাষ্ট্রের। সেই আক্রমণের কেন্দ্রবিন্দু ছিলেন বালোগান। লাল কার্ড দেখার আগে গোলমুখে যুক্তরাষ্ট্রের নেওয়া পাঁচটি শটের চারটিই ছিল তাঁর।
প্রথমার্ধের যোগ করা সময়ে এগিয়ে যায় স্বাগতিকরা। ডিফেন্ডার তারিক মুহারেমোভিচের গায়ে লেগে বলের দিক বদলে গেলে সুযোগটি কাজে লাগান বালোগান। বাঁ পায়ের শটে গোলরক্ষকের দুই পায়ের ফাঁক গলে বল জালে পাঠান তিনি। এবারের বিশ্বকাপে এটি তাঁর তৃতীয় গোল।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার সুযোগ পায় বসনিয়া। ৬৩তম মিনিটে মুহারেমোভিচের ওপর কড়া ট্যাকলের জন্য প্রথমে হলুদ কার্ড দেখানো হয় বালোগানকে। পরে ভিএআরের সহায়তায় সিদ্ধান্ত বদলে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।
শেষ প্রায় আধঘণ্টা ১০ জন নিয়ে খেলেও রক্ষণে ভেঙে পড়েনি যুক্তরাষ্ট্র। উল্টো ৮২তম মিনিটে ডি-বক্সের বাইরে পাওয়া ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক শটে ব্যবধান দ্বিগুণ করেন মালিক টিলম্যান। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি বসনিয়া।
এই জয়ে ২০০২ সালের পর প্রথমবার বিশ্বকাপের নকআউট পর্বে কোনো ম্যাচ জিতল যুক্তরাষ্ট্র।
.png)






-3c3626-256x144.webp)