মেসি মুগ্ধতায় ইন্টার মিয়ামিতে কাসেমিরো

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ২০: ৪৭
রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ম্যাচে অনেকবার মুখোমুখি হয়েছেন মেসি-কাসেমিরো। সংগৃহীত ছবি
রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ম্যাচে অনেকবার মুখোমুখি হয়েছেন মেসি-কাসেমিরো। সংগৃহীত ছবি

লিওনেল মেসিকে আরও ট্রফি জেতাতেই ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ জুলাই) মিয়ামিতে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

গত সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ২০২৭ পর্যন্ত ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার।

কাসেমিরো বলেন, ‘সর্বকালের সেরা খেলোয়াড়ের সঙ্গে খেলতেই আমি এখানে এসেছি। আমি তাঁর সঙ্গে খেলা উপভোগ করতে চাই এবং তিনি যেহেতু জন্মগত বিজয়ী, তাই তাঁকে আরও ট্রফি জিততে সাহায্য করতে চাই। মেসি যদি ফুটবলের ঈশ্বর না-ও হন, তবে অন্তত তাঁর কাছাকাছি একজন।’

২০১৩ থেকে ২০২২ অব্দি রিয়াল মাদ্রিদে খেলার সময় অসংখ্যবার বার্সেলোনার হয়ে খেলা মেসির মুখোমুখি হয়েছেন কাসেমিরো। লড়াইয়ের স্মৃতি টেনে তিনি বলেন, ‘মেসি আমাকে মাঠে অগণিত সমস্যায় ফেলেছেন। অবশ্যই তাঁর সঙ্গে এক দলে খেলার স্বপ্ন দেখেছি। আমি সব সময় বিশ্বসেরাদের সঙ্গে খেলতে চেয়েছি। তাঁকে আমি একা কখনো থামাতে পারিনি, সব সময় সতীর্থদের সাহায্যের প্রয়োজন হতো।’

২০২৩ সালে মেসি যোগ দেওয়ার পর ইন্টার মিয়ামি ২০২৩ লিগস কাপ, ২০২৪ সাপোর্টার্স শিল্ড এবং ২০২৫ এমএলএস কাপের শিরোপা জিতেছে।

কানাডায় সিএফ মন্ট্রিয়ালের বিরুদ্ধে ১-০ গোলের জয়ের ম্যাচে ইতোমধ্যে ইন্টার মিয়ামির হয়ে কাসেমিরোর অভিষেক হয়েছে। আগামী শনিবার কলম্বাস ক্রু-র বিপক্ষে দলটির নতুন হোম গ্রাউন্ড নু স্টেডিয়ামে প্রথমবার ঘরের মাঠে নামার অপেক্ষায় আছেন তিনি।

ক্লাব ক্যারিয়ারে কাসেমিরোর সবচেয়ে সফল সময় কেটেছে রিয়াল মাদ্রিদে। রিয়ালের হয়ে ৯ মৌসুমে ৩৩৬ ম্যাচে ৩১ গোল করার পাশাপাশি করেছেন ২৯ অ্যাসিস্ট। জিতেছেন ৫ উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও ৩ লা লিগাসহ মোট ১৮টি বড় শিরোপা। পরে ম্যানচেস্টার ইউনাইটেডে চার মৌসুমে ১২৫-এর বেশি ম্যাচ খেলে করেন ১৪ গোল ও ৯ অ্যাসিস্ট। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে জিতেছেন ১টি ইএফএল কাপ ও ১টি এফএ কাপের শিরোপা।

ব্রাজিল জাতীয় দলের হয়ে এ পর্যন্ত ৮০-এর বেশি ম্যাচে করেছেন ৭ গোল ও ৩ অ্যাসিস্ট। সবচেয়ে বড় সাফল্য ২০১৯ সালের কোপা আমেরিকা জয়। ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ—২০১৮, ২০২২ এবং সদ্য সমাপ্ত ২০২৬ বিশ্বকাপে অংশ নিয়েছেন কাসেমিরো।

তথ্যসূত্র: ইএসপিএন

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত