ছাত্রদলের হামলায় ভাঙা মঞ্চে দাঁড়িয়ে পাটওয়ারী, সন্ত্রাসী শায়েস্তার পদ্ধতি জানি

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
নারায়ণগঞ্জ

প্রকাশ : ০৬ জুন ২০২৬, ২৩: ২৪
নারায়ণগঞ্জে রূপগঞ্জে বক্তৃতা করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে রূপগঞ্জে ঈদ পুনর্মিলনীতে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের হামলার পর ভাঙা মঞ্চে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের আর কোনো নেতাকর্মীর ওপর হামলা হলে, রাজনৈতিকভাবে মিলেমিশে থাকার চুক্তি থেকে বেরিয়ে পড়ব। আমরা আমাদের পদ্ধতি জানি, কীভাবে সন্ত্রাসীদের শায়েস্তা করতে হয়।

শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

এর আগে বেলা ৩টার দিকে অনুষ্ঠান শুরুর আগ মুহূর্তে মঞ্চে হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ২০ নেতাকর্মী আহত হন। এনসিপি নেতাদের অভিযোগ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সুলতান মাহমুদের নেতৃত্বে এই হামলা চালানো হয়। আগের রাতেও অনুষ্ঠানস্থলের প্যান্ডেল ছেড়া হয়েছিল।

হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন হলে আসেন নাসীরুদ্দীন পাটওয়ারী। ভাঙা মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, গণঅভ্যুত্থানের আগে ও পরে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি– রক্তের ওপর দিয়ে হলেও বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করে ছাড়ব। রক্তের ওপর দিয়ে হলেও আওয়ামী লীগের বিচার করে ছাড়ব।

রূপগঞ্জে অনুষ্ঠানে দুবার হামলার কথা উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, ‘আমাকে অনেকে প্রাণের রিস্ক আছে বলেছেন; এখানে আসতে নিষেধ করেছেন। আমার সহযোদ্ধারা আহত হবে আর আমি ঘরে চুড়ি পরে বসে থাকব, এটা হবে না। আমরা শেখ হাসিনার মতো গুন্ডাকে ঠান্ডা করে আসছি, নতুন কোনো গুন্ডাপান্ডাকে ভয় পাই না। আপনি শয়তানি কাজ করলে, আমরা শয়তানের বিরুদ্ধে আছি। আমরা শয়তানকে বাংলাদেশে রাখতে চাই না।’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিনে মুক্তির প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচনের আগে কথা ছিল– আওয়ামী লীগের বিচার হবে। ইলেকশনের পর বিএনপি সরকার পল্টি মেরেছে।’

এ সময় এনসিপির জেলা কমিটির আহ্বায়ক যুবাইর সরদার, সাংগঠনিক সম্পাদক নিরব রায়হানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত