আমার হাঁস আমারই চাষ করা ধান খাবে: রুমিন ফারহানা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ২০: ৩৮
সরাইলের একটি এলাকায় গণসংযোগ করেন ব্যারিস্টার রুমিন ফারহানা। স্ট্রিম ছবি
সরাইলের একটি এলাকায় গণসংযোগ করেন ব্যারিস্টার রুমিন ফারহানা। স্ট্রিম ছবি

বিএনপির সাবেক আন্তর্জাতিকবিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়াকে ইঙ্গিত করে বলেছেন, “আমার একটা ‘হাঁস’ও যেন শেয়াল চুরি না করে, গুণে গুণে হাঁস আপনারা খোঁয়াড়ে তুলবেন। ১৫ বছর হাল চাষ করলাম, বীজ দিলাম, ধান লাগালাম। ফসল কাটার সময় যদি মরুভূমি আসে কেমনটা লাগে? ঠিক আছে, আমার হাঁস, আমার চাষ করা ধানই খাবে।”

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আমিনপাড়া এলাকায় আজ শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে গণসংযোগের সময় রুমিন ফারহানা এ সব কথা বলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর প্রতীক ‘হাঁস’।

অপরদিকে, বিএনপি থেকে জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীবকে সমর্থন দিয়ে আসনটি ছেড়ে দেওয়া হয়েছে। জুনায়েদ আল হাবীবের দলীয় প্রতীক ‘খেজুর গাছ’ নিয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে প্রচার শুরুর আগ থেকেই ‘খেজুর গাছ’কে মরুভূমির গাছ হিসেবে কটাক্ষ করছেন প্রতিদ্বন্দ্বীরা।

রুমিন ফারহানা বলেন, ‘মা-বোনরা জানে হাঁস সমৃদ্ধির প্রতীক। আমি আপনাদের সবার (ভোটার) প্রার্থী। আমাকে জিতিয়ে আনার দায়িত্ব আপনাদের। আপনারা একটা দিন আমার সাথে থাকেন, আমি আগামী পাঁচটা বছর আপনাদের সুখ-দুঃখে সাথে থাকব।’

রুমিন ফারহানা ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মোট নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর পুরো জেলার ছয়টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৪৮ জন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত