
সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে পারলে ২০৩১-এর জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি সরকারি দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করবে বলে মন্তব্য করেছেন সারজিস আলম।
শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার শহরের সাংস্কৃতিক কেন্দ্রে এনসিপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস। সভায় তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘আমরা যদি বাংলাদেশের প্রতিটি ওয়ার্ডে আমাদের কমিটি নিশ্চিত করতে পারি, জনগণের রায়ে তাদের আস্থার কাণ্ডারি হয়ে ইনশা আল্লাহ ৩১-এ জাতীয় সংসদে এনসিপি সরকারি দল হিসেবে প্রতিনিধিত্ব করবে।’
তিনি বলেন, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নীতি নির্ধারণে অংশগ্রহণের সুযোগ থাকে না। অথচ তারা নিজেদের মতামত দিতে চান। তৃণমূলের নেতাকর্মীদের মতামতকে গুরুত্ব দিয়ে ইতিমধ্যে এনসিপি জেলাওয়ারি পলিসি কাউন্সিলের প্রক্রিয়া শুরু করেছে। এর মাধ্যমে দলের সাংগঠনিক অগ্রগতি আরও বাড়বে বলে মন্তব্য করেন তিনি।
সভায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন, জাতীয় যুব শক্তির মুখ্য সংগঠক রিফাত রশিদ ও জাতীয় ছাত্র শক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার বক্তব্য দেন।
কক্সবাজার জেলা এনসিপির আহ্বায়ক আখতার আলমের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সদস্য সচিব ওমর ফারুক। সভায় জেলার বিভিন্ন ইউনিটের নেতারা নিজ নিজ সাংগঠনিক কার্যক্রম ও অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন করেন।







